সারা বছর যেন পাট উৎপাদন করা যায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাট গবেষণায় নিয়োজিত সব বিজ্ঞানীকে তাঁর সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ এবং আধুনিক পাটজাগ (পচন) পদ্ধতি’ শীর্ষক দুই দিনের এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। খবর বাসসের। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, গবেষকেরা এই অর্থকরী ফসলের খরা, লবণাক্ততা ও শীতসহিষ্ণু জাত উদ্ভাবনে সক্ষম হবেন, যাতে সারা বছর পাট উৎপাদন করা যায়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পাট ও পাটজাত পণ্যকে দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করতে পাটের বহুমুখী ব্যবহারে ও আধুনিক পাটশিল্প স্থাপনে উৎসাহ দিচ্ছে। বিশ্বব্যাপী দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি একে খুবই আশাব্যঞ্জক বলে মনে করেন। পাটের মতো অর্থকরী ফসলের উন্নয়নে বর্তমান সরকার ১৬৯ কোটি টাকার প্রকল্প নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় কৃষকদের বিনা মূল্যে সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ ছাড়াও উন্নত জাতের পাটের বীজ দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ১৯৮২ সালের পর ২০১০-২০১১ অর্থবছরে প্রথমবারের মতো ২০ কোটি টাকা মুনাফা করেছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এতে বক্তব্য দেন পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এম কামালউদ্দিন, পাট অধিদপ্তরের মহাপরিচালক এম নাসির উদ্দিন ও ‘উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ এবং আধুনিক পাটজাগ (পচন) পদ্ধতি’র প্রকল্প পরিচালক মঙ্গল সি চন্দ।