সারা মাসের শ্রমের মূল্য একটি জামার দামও নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি এখন তৈরি পোশাক রপ্তানি। এই খাতটি বিশ্বের কাছে বাংলাদেশকেও নতুন করে উপস্থাপন করছে। অথচ এ খাতের পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, সেই শ্রমিকদের দুঃখ-দুর্দশার অন্ত নেই। ন্যূনতম মজুরিতে কোনো রকমে জীবন নির্বাহ করছেন তাঁরা। এতে দেখা দিচ্ছে শ্রমিক অসন্তোষ, আর তা সামাল দিতে দমন-নির্যাতন। বাংলাদেশের পোশাক খাতের এ অবস্থা নিয়ে দিনে দিনে উদ্বিগ্ন হয়ে পড়ছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস পত্রিকা এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অর্থনীতিতে একসময় বাংলাদেশের পরিচিতি ছিল গরিব ও অপ্রাসঙ্গিক। কিন্তু তৈরি পোশাকশিল্পে দেশটি এখন রপ্তানির অন্যতম ‘কেন্দ্রস্থল’। এ ক্ষেত্রে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। টমি হিলফিগার, গ্যাপ, ক্যালভিন ক্লেইন এবং এইচ অ্যান্ড এম-এর মতো নামীদামি ব্র্যান্ডের পোশাক তৈরি হচ্ছে বাংলাদেশে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে শোভা পাচ্ছে ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা পোশাক। বাংলাদেশের শিল্প রপ্তানির ৮০ শতাংশ আসে এই খাত থেকে। এ খাতটি শুধু সে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণই নয়, সঙ্গে ৩০ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।বাংলাদেশে তৈরি পোশাক খাত বিকশিত হওয়ার প্রধান কারণ, এখানকার সহজলভ্য ও স্বল্প মজুরির শ্রমিক। বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো যে দেশে সস্তায় শ্রম পায়, সেই দেশ থেকেই কাজ করায়। এ ক্ষেত্রে এখন বাংলাদেশ তাদের কাছে অন্যতম আকর্ষণ, বিশেষ করে চীনে শ্রমের দাম বেড়ে যাওয়ায়। বিশ্বের অন্যতম বৃহত্ পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজি তৈরি পোশাক খাতে বাংলাদেশকে ‘পরবর্তী চীন’ হিসেবেই মনে করেছে। বর্তমানে বার্ষিক এক হাজার ৮০০ কোটি ডলারের এ খাতটি ২০২০ সাল নাগাদ তিন গুণ বেড়ে যাবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের পোশাকশ্রমিকেরা মাসিক সর্বনিম্ন ৩৭ ডলার মজুরিতে কাজ করেন, যা তাঁদের তৈরি একটি পোশাকের দামের চেয়েও কম। এ অবস্থায় গত দুই বছরে দেশটির মুদ্রাস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়ে গেছে। বাধ্য হয়ে জীবন নির্বাহের তাগিদে শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছেন। বিক্ষোভের সময় শ্রমিক-পুলিশ সহিংসতার ঘটনাও নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার কারখানার নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে এবং সামরিক, বেসামরিক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। শিল্প এলাকার জন্য বিশেষ পুলিশ বাহিনীও গঠন করা হয়েছে। শ্রমিক সংগঠকদের ওপর নজর রাখছে গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দাদের নজরদারিতে থাকা শ্রমিক সংগঠক আমিনুল ইসলামকে গত এপ্রিলে নির্যাতনে হত্যা করা হয়।শ্রমিক অসন্তোষের এ ঘটনায় দিনে দিনে উদ্বিগ্ন হয়ে পড়ছে মার্কিন সরকার। গত মে মাসে ঢাকা সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শ্রমিক অসন্তোষ ও আমিনুল হত্যার বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। এরপর গত জুনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা পোশাকশিল্প-মালিকদের এই বলে সতর্ক করে দেন যে, শ্রমিকদের অধিকারের বিষয়টি অবহেলা করা হলে এই শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে।এর এক মাস পর গত জুলাইয়ের শেষের দিকে বিশ্বের ১২টি শীর্ষ ব্র্যান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের পোশাকশিল্প খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টির সমাধান করার জন্য বাংলাদেশ সরকারকে তাগিদ দেন। কিন্তু শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়ে দেন, ব্র্যান্ডগুলো তাদের কার্যাদেশ বাতিল করছে না। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।কিন্তু আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনসের (এএফএল-সিআইও) অধিভুক্ত ঢাকায় একটি সলিডারিটি সেন্টারের প্রধান অ্যালোনজু সুসন বলেন, ‘তৈরি পোশাকশিল্প বাংলাদেশের প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয়ের খাত। কাজেই এ খাতে কোনো স্থবিরতা দেখা দিলে তা জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে উঠতে পারে।’