চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে গত বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামসংলগ্ন এলাকা। পাশের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে স্থাপন করা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ঘোষণা করা হচ্ছিল নির্বাচনের ফলাফল। বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ফল ঘোষণায় বিলম্ব হলে ছড়িয়ে পড়ে গুজব। মূলত এই গুজব থেকেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়।তবে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল।রাত ১১টা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। তবে বাইরের এ ঘটনা জিমনেসিয়ামে চলতে থাকা ফলাফল ঘোষণায় কোনো প্রভাব ফেলেনি।রাত আটটার দিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মন্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আড়াই শতাধিক কেন্দ্রের ভোটের ফলাফলে তাঁরা এগিয়ে আছেন। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, এসব কেন্দ্র থেকে ফলাফল আসতে দেওয়া হচ্ছে না। তাঁর এমন অভিযোগ নগরের বিভিন্ন স্থানে থাকা মন্জুরের সমর্থক, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে স্টেডিয়ামের বাইরে তাঁদের উপস্থিতি বাড়তে থাকে। রাত ১০টার দিকে গুজব ছড়িয়ে পড়ে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জিমনেসিয়াম মাঠ দখল করতে আসছেন। এ ছাড়া ওই সময়ের মধ্যে মাত্র ২৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ায় এবং কিছু সময় ফল ঘোষণা না হওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন বিএনপির সমর্থকেরা।রাত ১১টার দিকে শুরু হয় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা। বাইরে এ ঘটনা চলার সময় ভেতরে জেসমিন টুলী আবার আটটি কেন্দ্রের ফলাফল ঘোষণা শুরু করেন। ফলাফল ঘোষণা নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে তাঁকে জানানো হলে তিনি বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নির্বাচন করেছি। ফলাফল ঘোষণার সময় প্রার্থীদের পক্ষ থেকে কী ধরনের অভিযোগ করা হয়, তা আমার জানা আছে। আমাকে ভয় দেখাবেন না।’একজন পুলিশ সদস্যের ওপর হামলা হওয়ার খবর পেয়ে রিটার্নিং কর্মকর্তা উপস্থিত বিভিন্ন দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘আমার লোকদের ওপর হামলা হলে আমি আপনাদের কাউকে ছাড়ব না। আমার লোকজন দিন-রাত পরিশ্রম করেছে।’রাত সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী জিমনেসিয়ামে প্রবেশ করেন। তিনি বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন। পরে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেললে তিনি ও তাঁর সমর্থকেরা বাইরে চলে যান। রাত তিনটার দিকে মন্জুর আলমের সমর্থকেরা স্টেডিয়ামের বাইরে মিছিল শুরু করলে সেনাবাহিনীর টহলের কারণে তাঁরাও ওই এলাকা থেকে সরে যান। ফলাফল ঘোষণায় বিলম্বের ব্যাখ্যা: প্রথম ১৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর বেশ কিছু সময় পর্যন্ত ফলাফল ঘোষণা বন্ধ ছিল। মূলত এই সময়ে গুজব তৈরি হয় যে সরকারপক্ষ নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে।তবে জেসমিন টুলী বলেছেন, যোগ করে ফলাফল দিতে একটু সময় লাগছে। এখানে কোনো অসদুপায় অবলম্বন হচ্ছে না। পরে তিনি শুধু কেন্দ্রভিত্তিক দুই প্রার্থীর ফলাফল ঘোষণা শুরু করলে সমস্যার সমাধান হয়। এরপর টানা সকাল ছয়টা পর্যন্ত ৬৭৩টি ভোটকেন্দ্রের ফল ঘোষণা করে কমিশন।ভোর হওয়ার আগেই বিজয় নিশ্চিত হয়ে যাওয়ায় মন্জুরের কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল নিয়ে জড়ো হন জিমনেসিয়াম চত্বরে।