সারাক্ষণ যানজট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বন্দরবাজার থেকে ধোপাদিঘীরপার। এই এক কিলোমিটার সড়কে যানজট নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এ সড়ক দিয়ে রিকশায় চড়ে যাতায়াত করতে আগে সময় লাগত ১০ মিনিট, সেখানে এখন সময় লাগছে পোনে এক ঘণ্টা থেকে সোয়া ঘণ্টা। সড়কের ছোটবড় গর্ত, অপ্রশস্ত রাস্তা ও যানবাহনের আধিক্যের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে নগরবিদেরা মনে করছেন।এই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন জানিয়েছেন, নগরের লোকসংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। অথচ প্রয়োজনের তুলনায় বন্দরবাজার থেকে ধোপাদিঘীরপার সড়কটি একেবারেই সরু ও অপ্রশস্ত। ১০ বছর আগেও নগরের সবচেয়ে ব্যস্ততম এই রাস্তাটি যে রকম অপ্রশস্ত ছিল এখনো তেমনটিই রয়ে গেছে বলে নগরবাসী অভিযোগ করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন্দরবাজার থেকে ধোপাদিঘীরপার পর্যন্ত এক কিলোমিটার সড়কজুড়ে ছোটবড় বেশ কিছু গর্ত। কোথাও পিচ উঠে পাথর বের হয়ে গেছে। বিভিন্ন স্থানে গর্ত থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তা ছাড়া ওই সড়কের ওপর কয়েকটি অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। এমনকি বেশ কিছু অস্থায়ী দোকানপাটও গড়ে উঠেছে।সড়কের নিয়মিত যাত্রী শাহীনুর মিয়া বলেন, কিছু গর্ত, প্রয়োজনের তুলনায় ছোট সড়ক, ভ্রাম্যমাণ দোকান ও কয়েকটি অটোরিকশা স্ট্যান্ড—এই চারটি কারণে বন্দরবাজার থেকে ধোপাদিঘীরপার পর্যন্ত দীর্ঘ সময় যানজট লেগে থাকে। তাই জনদুর্ভোগ লাঘব করতে হলে রাস্তা সংস্কারের পাশাপাশি সড়কগুলোর দুই পাশ আরও বাড়াতে হবে। অটোরিকশাচালক আমাজাদ আলী বলেন, অটোরিকশা রাখার জন্য সড়কের কয়েকটি অংশকে অস্থায়ী স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়। কারণ গাড়ি রাখার জন্য আমাদের নির্দিষ্ট কোনো স্থান নেই। এভাবে গাড়ি রাখার কারণে কিছুটা যানযট তো হচ্ছেই, তবে যাত্রীদের যাতায়াতের কথা বিবেচনা করে তো আমরা গাড়িগুলো রাস্তায় দাঁড় করিয়ে রাখছি। সড়কের ওপর অস্থায়ী দোকানপাট থাকা যানজটের প্রধান কারণ। সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘বন্দরবাজার-ধোপাদিঘীরপার সড়কের অটোরিকশা স্ট্যান্ডগুলোর কোনো অনুমতি নেই। আবার এদের উচ্ছেদ করবেন, সেটাও সম্ভব নয়। কারণ বিকল্প কোনো ব্যবস্থা না করে তো উচ্ছেদ করা যাবে না। তাহলে যাত্রীদুর্ভোগ আরও বাড়বে। তা ছাড়া ছোটবড় কিছু গর্ত ও ভ্রাম্যমাণ হকারদের জন্যও যানজট লেগে আছে। যানজট এড়াতে বিকল্প ব্যবস্থা নিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ চিন্তা-ভাবনা করছে।’