সারাদেশে জামায়াতের আরও ১০৮ নেতা-কর্মী গ্রেপ্তার
পুলিশের ওপর হামলা, যুদ্ধাপরাধের বিচার বানচালের চেষ্টা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টার অভিযোগে সারা দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের ১০৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার ঢাকাসহ সারা দেশ থেকে ১৫৯ জনকে আটক করে পুলিশ।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাত থেকে গতকাল সকাল পর্যন্ত নগরের চারটি থানায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মধ্যে পবা উপজেলার নওহাটা পৌর জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান, নগরের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মকলেছুর রহমান প্রমুখ রয়েছেন। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।নোয়াখালী: নোয়াখালী সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ী ও কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে গত সোমবার রাতে অভিযান চালিয়ে ১৬ জন জামায়াত-ছাত্রশিবিরের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ছাত্রশিবিরের চাটখিল উপজেলা শাখার সাবেক সভাপতি মোরশেদ আলম, রামনারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি খোরশেদ আলম রয়েছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সোমবার রাতে সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে ১২ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চারজনকে ছেড়ে দেয়। আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা ছাত্রশিবিরের নেতা-কর্মী। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও শিবিরের কলা অনুষদ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন রয়েছেন। বগুড়া: শহরের বিভিন্ন এলাকায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে শহর জামায়াতের সহকারী সম্পাদক মাজেদুল ইসলাম ও ছাত্রশিবিরের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদপুর: ভাঙ্গা উপজেলার মালিগ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত-সমর্থক এনায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মো. গোলাম মোস্তফাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ছাত্রশিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে জেলা ছাত্রশিবিরের শিক্ষা কার্যক্রমবিষয়ক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, ছাত্রকল্যাণ সম্পাদক খায়রুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, পাকুন্দিয়া উপজেলা কমিটির সেক্রেটারি মিজানুর রহমান, কিশোরগঞ্জ শহর শাখার সদস্য আল আমীন রয়েছেন। ময়মনসিংহ: গত সোমবার রাতে অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মো. আবদুল করিম ও আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ জামায়াত ও ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর: শেরপুর সদর উপজেলা জামায়াতের সাবেক আমির মো. মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজুল করিম ও ঝিনাইগাতী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সুলতান আহমেদসহ জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।মৌলভীবাজার: শহরের বিভিন্ন ছাত্রাবাসে গত সোমবার রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মী সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়।রংপুর: রংপুরে গতকাল ছাত্রশিবিরের মহানগর কমিটির পাঠাগার সম্পাদক আমিনুর রহমান ও সাহিত্য সম্পাদক বাবুল হোসেন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া জয়পুরহাটের কালাইয়ে জামায়াতের তিনজন, জামালপুরের মাদারগঞ্জে দুজন, নেত্রকোনার কেন্দুয়ায় তিনজন, ময়মনসিংহের নান্দাইলে একজন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একজন, নোয়াখালীর চাটখিলে তিনজন, রাজবাড়ীর গোয়ালন্দে একজন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চারজন, সিলেটের বিশ্বনাথে একজন, নেত্রকোনার পূর্বধলায় একজন, মৌলভীবাজারের জুড়ীতে একজন এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।