সারাদেশে হরতাল চলছে
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ও সমমনা দলগুলোর ডাকে আজ রোববার সারা দেশে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সংসদীয় বিশেষ কমিটির প্রস্তাব ও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সকাল থেকে রাজধানীতে বাস, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। তবে সংখ্যায় কম। রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালেই দলের নেতা-কর্মীরা উপস্থিত হন। তবে পুলিশের বাধার কারণে তাঁরা মিছিল করতে পারছেন না।বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রবাহী গাড়ি, খাবার ও ওষুধের দোকান, হাসপাতালসহ যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সেসব এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।হরতালের আগের দিন গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি যাত্রীবাহী বাস ও একটি ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কেউ এসব অগ্নিসংযোগের দায়িত্ব স্বীকার করেনি।