রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি ভর্তুকির সারে ভেজাল মেশানোর সময় উপজেলা কৃষি কার্যালয়ের এক কর্মচারীসহ তিনজনকে গতকাল শুক্রবার হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় ভেজাল মেশানো বিপুল পরিমাণ সার ও ভেজালের উপকরণ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা জানিয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে তাঁরা ভেজাল সার তৈরি করছিলেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা দুইটার দিকে তাঁর নেতৃত্বে পুলিশ উপজেলার তাহের পৌরসভায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার আবদুস সালাম মণ্ডলের সারের গুদামে অভিযান চালায়। এ সময় ভেজাল সার বস্তায় ভরার সময় উপজেলা কৃষি অফিসের এমএলএসএস আতাউর রহমানসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অপর দুজন হলেন দুর্গাপুরের আবদুল হাকিম মণ্ডল এবং পুঠিয়ার রবিউল ইসলাম। সেখান থেকে ১৯৮ বস্তা ভেজাল এমওপি, ৩০ বস্তা ভেজাল টিএসপি, ৪২ বস্তা ভালো টিএসপি ও ২৬৭ বস্তা এফএমপি সার এবং কালো রঙের বিপুল পরিমাণ পাথরের গুঁড়া, বস্তার মুখ সেলাইয়ের জন্য ব্যবহূত মেশিন, ভেজাল মেশানোর কাজে ব্যবহূত ৮-১০টি প্লাস্টিকের গামলা ও বালতি উদ্ধার করা হয়।ওসি হারুন অর রশিদ আরও জানান, এমএলএসএস আতাউর রহমান জানিয়েছেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে তিনি শ্রমিক আবদুল হাকিম ও রবিউল ইসলামকে নিয়ে এ কাজ করছিলেন। এতে ডিলার আবদুস সালাম মণ্ডলের যোগসাজশ রয়েছে। তাঁরা সারে ভেজাল মিশিয়ে বস্তা ভর্তি ও সেলাই করে কৃষকদের মধ্যে বিতরণের জন্য উপজেলার বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেন। ইতিমধ্যে কৃষকের মধ্যে বিপুল পরিমাণ ভেজাল সার বিতরণও করা হয়েছে।ওসি জানান, আটক তিনজনকে থানায় এনে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত কৃষি কর্মকর্তাকে খোঁজা হচ্ছে। তবে তিনি আত্মগোপন করেছেন বলে জানা গেছে।এ ব্যাপারে ডিলার আবদুস সালাম প্রথম আলোকে বলেন, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন এক মাস আগে তাঁর গুদামটি ভাড়া নেন। ভাড়ার রসিদ তাঁর কাছে আছে। ওই এলাকায় সরকারি গুদাম না থাকায় তাঁর গুদামে সরকারি সার রাখা হবে বলে আলমগীর হোসেন তাঁকে জানিয়েছিলেন।তবে সারে ভেজাল মেশানোর অভিযোগ অস্বীকার করেন আলমগীর হোসেন। গতকাল মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হচ্ছে।’ ঘরভাড়ার রসিদে তাঁর স্বাক্ষর রয়েছে বলে জানালে তিনি বলেন, ‘স্বাক্ষর জাল করা হয়েছে।’কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাগমারার সাত হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে আউশ চাষ প্রণোদনা প্রকল্পের আওতায় ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের কথা রয়েছে।স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন, কয়েকটি ইউনিয়নে আগে যে সার বিতরণ করা হয়েছে তার মধ্যে বালু ও পাথরের গুঁড়া পাওয়া গেছে। কৃষকেরা সে সার জমিতে ব্যবহার করতে পারেননি। বাগমারা গ্রামের কৃষক মানিক জানান, তাঁকে ভেজাল টিএসপি সার দেওয়া হয়েছিল। বিষয়টি জানাতে গেলে কৃষি কর্মকর্তা তাঁকে ‘দেখি’ বলে ফিরিয়ে দেন।