সার্ক আরও অনেক পথ পাড়ি দিতে পারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার রজতজয়ন্তীর বছরে পদার্পণ করলেও আঞ্চলিক জোট হিসেবে যতটা এগোতে পারত, ততটা এগোয়নি সার্ক। এবারের সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ— সবার কথাতেই প্রসঙ্গটি ঘুরেফিরে এসেছে। সার্কের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত না হওয়ায় নাশিদ সরাসরি দায়ী করলেন পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানকে। অন্য নেতারা সরাসরি বিষয়টি না বললেও তাঁদের আক্ষেপ, আরও অনেক পথ পাড়ি দিতে পারত সার্ক।থিম্পুর কূটনৈতিক সূত্রগুলো গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানায়, জোটের কর্মকাণ্ডে শুধু এ অঞ্চলের উন্নয়নের ওপর জোর দেওয়ার কথা বলেছে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ ভুটানও। ওই দিন দুপুরে সার্ক ভিলেজে অনুষ্ঠিত অবকাশ পালনের সময় ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে এ প্রস্তাব দেন। তিনি দ্বিপক্ষীয় সমস্যার বিষয়গুলোকে বাদ রাখার প্রস্তাব করেন এবং দুই দেশের অমীমাংসিত সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলোচনার কথা বলেন। তাঁর মত, সার্কে যেন দ্বিপক্ষীয় বিষয়গুলো না আসে। সার্ক যেন হয় দক্ষিণ এশিয়ার জনগণের সামগ্রিক কল্যাণের কেন্দ্রবিন্দু।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক যে প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি, সেটি প্রকারান্তরে স্বীকার করেছেন সার্ক সচিবালয়ের মহাসচিব শীল কান্ত শর্মা। ২৬ এপ্রিল তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন বা আসিয়ানের তুলনায় সার্ক কতটা এগিয়েছে? ভারতীয় এই কূটনীতিক বলেন, গত ২৫ বছরে সার্কের অর্জন একেবারে কমও নয়। তবে একে অন্য জোটের সঙ্গে মেলালে ঠিক হবে না। কারণ সার্কের জন্ম ভিন্ন প্রেক্ষাপটে।এসব প্রেক্ষাপট বিবেচনায় ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের গৃহীত ঘোষণায় আগামী দিনে জোটকে আরও এগিয়ে নিয়ে যেতে কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বিশ্বের এক-পঞ্চমাংশ জনগোষ্ঠীর উন্নয়নের প্রয়াসে একটি দক্ষিণ এশিয়া ফোরাম প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন নেতারা। সমাজের বিশিষ্ট নাগরিকদের নিয়ে এই ফোরাম গঠন করা হবে। বিভিন্ন বিষয় পর্যালোচনার ভিত্তিতে ফোরাম সার্কের মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করবে। এ ছাড়া এটি এ অঞ্চলের উন্নয়নে সার্কের বর্তমান সংস্থাগুলোকেও অধিকতর কার্যকর করতে দিকনির্দেশনা দেবে। এর ফোরাম সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতেও হতে পারে। ভবিষ্যত্ দক্ষিণ এশিয়ার স্বার্থে সদস্য দেশগুলোর বাইরেও বহুমুখী অংশগ্রহণের সুযোগ রাখার কথা বলা হয়েছে।ঘোষণায় বলা হয়, সার্ক বহুমাত্রিক ক্ষেত্রে কাজ করলেও জনগণের কল্যাণে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এ জন্য দক্ষিণ এশিয়ার নেতারা এবার সময়সূচিভিত্তিক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তাঁরা বলেছেন, সার্কে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় পর্যায়ে সেগুলোর প্রতিফলন থাকা চাই। এর পরিপ্রেক্ষিতে রজতজয়ন্তীর বছরে এসে সার্ককে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য প্রতিশ্রুতি পূরণ করা উচিত।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছেন, দক্ষিণ এশিয়া নাগরিক ফোরাম গঠনের প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। থিম্পুতে ২৫ এপ্রিল সার্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও প্রস্তাবটি তোলেন।বাংলাদেশের প্রস্তাবগুলো গুরুত্ব পেয়েছে: সম্মেলনের ঘোষণায় বাংলাদেশের একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে। এ ছাড়া সরাসরি অন্তর্ভুক্ত না হলেও বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার রাতে বাংলাদেশ দূতাবাসে সাংবাদিকদের এ তথ্য জানান।