সার্ক গণতন্ত্র সনদ চূড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু
দক্ষিণ এশিয়ার গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত করতে আন্তসরকার পর্যায়ের বৈঠক আজ শনিবার সকালে হোটেল শেরাটনে শুরু হয়েছে। দুই দিনের বৈঠকে সভাপতিত্ব করছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। বৈঠকে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সাংসদরা অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন হতে হবে। গণতন্ত্র ব্যাহত করার প্রয়াসের বিরুদ্ধে ঐকবদ্ধ অবস্থান নেবে এ অঞ্চলের গণতান্ত্রিক সব শক্তি। আর কোনো দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছেদ পড়লে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে ওই শক্তিগুলো সোচ্চার হবে। এ বিষয়গুলোকে প্রতিপাদ্য রেখে সার্ক গণতন্ত্র সনদের খসড়া তৈরি করা হয়েছে।ভুটানের থিম্পুতে গত ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে গণতন্ত্রকে সুসংহত করতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সম্মেলন শেষে বাংলাদেশকে গণতন্ত্র সনদের খসড়া তৈরির পাশাপাশি বিষয়টি চূড়ান্ত করতে বৈঠক অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে তৈরি সার্ক গণতন্ত্র সনদের খসড়াটি মতামতের জন্য সদস্য দেশগুলোতে পাঠানো হয়েছে। ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এটি চূড়ান্ত হওয়ার পর আগামী ডিসেম্বরে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের অনুমোদন করা হবে।