সার্ক লোকনৃত্যে স্পন্দিত সন্ধ্যা
দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি। পথে তীব্র যানজট। হয়তো এ কারণেই বিকেলে শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দর্শকের উপস্থিতি ছিল খুব কম। তবে অনুষ্ঠান শুরু হওয়ার পর মিলনায়তন ভরে উঠতে থাকে। সন্ধ্যায় আলোচনা শেষে নৃত্য পরিবেশনার মাঝামাঝি পর্যায়ে দেখা গেল যাঁরা এসেছিলেন তাঁরা মেতে উঠেছেন নূপুরের নিক্বণে।বাংলাদেশসহ সার্ক অঞ্চলের দেশগুলোতে রয়েছে ঐতিহ্যসমৃদ্ধ লোকনৃত্য। সেই ঐতিহ্য তুলে ধরা এবং চেনাজানার আদান-প্রদানকে উৎসাহিত করার অংশ হিসেবে গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুরু হয়েছে ‘সার্ক অঞ্চলের লোকনৃত্য’ শীর্ষক চার দিনের আলোচনা অনুষ্ঠান। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টারের যৌথ আয়োজনে এই আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল অংশ নিচ্ছে। গতকাল বিকেলে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সার্ক কালচারাল সেন্টারের পরিচালক সামারা সিংহী। সংস্কৃতিসচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে লোকনৃত্যের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামিল আহমেদ। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। এর আগে শিল্পী এবং অতিথিদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশের শিল্পীরা পরিবেশন করেন জারি ও সাঁওতাল নৃত্য। বান্দরবান কালচারাল একাডেমি পরিবেশন করে দলীয় প্রযোজনা সম্প্রীতি। লোকনৃত্য পরিবেশন করেন পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের শিল্পীরা। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের অংশ হিসেবে নাট্যশালার লবিতে শুরু হয়েছে লোকনৃত্য ও লোকজ বাদ্যযন্ত্রের প্রদর্শনী। আলোকচিত্রে তুলে ধরা হয়েছে ছুকরি, ধামাইল, মাদার পীরের গানের আসর, গম্ভীরা, গাজীর ফাইলের, গাজীর যাত্রা, আলকাপ, কালী, লাঠি, বন্দনা, ঝুমুর, বেহুলা, অষ্টক, কৃষ্ণলীলা, পদ্মাপুরাণ গানের আসর, দণ্ড, রাসলীলা, নটপালা, যুগীর নাচ, মুসলমানির নৃত্যসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকনৃত্যের দৃশ্য। ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।মোড়ক উন্মোচনঢাকা ক্লাবের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ঢাকা ক্লাব সেন্টানিয়াল বইয়ের মোড়ক উন্মোচন করা হলো গতকাল। সন্ধ্যায় ঢাকা ক্লাবের মূল ভবনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক সৈয়দ শামসুল হক, অধ্যাপক কায়সার হক, ক্লাবের সভাপতি সাদাত হোসেন সেলিম, বইয়ের সম্পাদনা পরিষদের আহ্বায়ক নাজিম শফকাত চৌধুরী, সম্পাদনা পরিষদের সদস্য শাকিল কাশেম প্রমুখ।বক্তারা বলেন, ঢাকার ইতিহাসের সঙ্গে এ ক্লাবের ঐতিহ্য জড়িয়ে আছে। এ ক্লাব ঢাকার ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী। এই প্রকাশনাকে ঢাকা ক্লাবের একটি দলিল বলা যেতে পারে। এটি গবেষক, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, শিক্ষার্থীসহ অনেকের কাজে লাগবে। মোড়ক উন্মোচনের পর ক্লাবের শতবর্ষপূর্তি কর্মসূচির অংশ হিসেবে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের সাবেক সভাপতিরা বক্তব্য দেন। আনসার, ভিডিপি বাদক দল ব্যান্ড পরিবেশন করে। ক্লাবের ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হয়। ঢাকা ক্লাবের শতবর্ষপূর্তি হয়েছে গত ১৯ আগস্ট। এ উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উদীচীর সন্মেলন ‘মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না’— স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। গতকাল শনিবার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে টিএসসি মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাশ্বত ভট্টাচার্য ও শাহীন রহমান। আলোচনা করেন নিরঞ্জন অধিকারী, কাবেরী গায়েন, গোলাম মোহাম্মদ, হাবিবুল আলম প্রমুখ।দ্বিতীয় পর্বে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মিলনায়তনে ছিল সারা দেশ থেকে আসা জেলা সংসদের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।ক্ষুদে গানরাজের চূড়ান্ত পর্ব চট্টগ্রামেনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, এম এ আজিজ স্টেডিয়ামে এখন চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। আগামী মঙ্গলবার সন্ধ্যায় এই স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আই আয়োজিত ‘ক্ষুদে গানরাজ’-এর তৃতীয় আসরের চূড়ান্ত পর্যায়।গতকাল শনিবার দুপুরে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। এতে ক্ষুদে গানরাজের চূড়ান্ত পর্যায়ের ছয় প্রতিযোগী ছাড়াও সাবিনা ইয়াসমীন, রুনা লায়লাসহ দেশের প্রথিতযশা শিল্পীরা অংশ নেবেন।সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ জানান, বন্দরনগরে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যকে অনুষ্ঠানে তুলে ধরা হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃতীয়বারের মতো আয়োজিত এ রিয়েলিটি শোতে প্রাথমিকভাবে সারা দেশের ১৮ হাজার প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল, প্রতিযোগিতার বিচারক শিল্পী ফেরদৌস আরা, এস আই টুটুল, অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান প্রমুখ।