সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সরকারপ্রধানদের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ মঙ্গলবার সকালে ভুটান পৌঁছেছেন। তাঁকে বহনকারী ড্রুক এয়ারের বিমানটি স্থানীয় সময় সকাল পৌনে আটটায় পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। শেখ হাসিনাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটর শোভাযাত্রা চলে যায় মতিথাংয়ে অবস্থিত সার্ক ভিলেজে। ভুটান সফরের সময় তিনি এখানে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ভুটানে ৪৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে প্রধানমন্ত্রী এ অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণু বিভাগের মহাপরিচালক মো. ইমরান প্রথম আলোকে জানান, আজ চার দেশের সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে। বেলা আড়াইটায় ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্ক ভিলেজের বাংলাদেশ হাউজে সৌজন্য সাক্ষাত্ করবেন। এরপর বিকেল চারটায় ভুটানের বিরোধীদলীয় নেতা শ্রিং টোবগে, বিকেল ৫টা ১৫ মিনিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সন্ধ্যা ৭টায় আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।এর আগে প্রধানমন্ত্রী আজ সকাল ৬টা ৪০ মিনিটে ভুটানের ড্রুক এয়ারের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।২৮ ও ২৯ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠেয় ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের সরকারপ্রধানদের অংশ নেওয়ার কথা। এবারের সার্ক শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ু পরিবর্তন’। এ সম্মেলনে ভুটান আট জাতির এই আঞ্চলিক সহযোগিতা সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। ১৯৮৫ সালে সার্ক গঠনের পর ভুটান এই প্রথমবারের মতো সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।সার্ক সম্মেলন শেষে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।