দক্ষিণ এশিয়ার জনগণের ভাগ্য বদলাতে এই প্রথম ২৫ বছরের একটি কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। এই প্রক্রিয়ায় শুধু সদস্য-দেশের কর্মকর্তারাই নন, বিশিষ্ট নাগরিক ও সার্কভুক্ত দেশগুলোর অনাবাসী লোকজনও যুক্ত হবেন। সার্কের পর্যবেক্ষক দেশগুলোও এর অংশ হবে। গতকাল সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে সার্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারতের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভুটানের পররাষ্ট্রসচিব দ পেনজো গতকাল প্রথম আলোকে বলেন, সার্কের কর্মকাণ্ড গতিশীল করতে ২৫ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। মন্ত্রিপর্যায়ের বৈঠক শেষে এটি চূড়ান্ত করা হবে। ওই কর্মপরিকল্পনার প্রতিফলন থাকবে শীর্ষ সম্মেলনের ঘোষণায়। তবে কর্মপরিকল্পনার বিস্তারিত কিছু জানাতে তিনি অপারগতা জানান। পররাষ্ট্রসচিব পর্যায়ের দুই দিনের বৈঠক শেষে দ পেনজো থিম্পুর ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ড (ওয়াইডিএফ) হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচনার সিদ্ধান্তগুলো তুলে ধরেন। তিনি জানান, ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে সইয়ের জন্য জলবায়ু পরিবর্তনে সহযোগিতা ও সাফটায় সেবা বাণিজ্য শিরোনামে দুটি চুক্তি চূড়ান্ত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে সহায়তা-সংক্রান্ত চুক্তির ব্যাপারে দ্বিমত থাকায় তা আরও পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। ২৮-২৯ এপ্রিল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ পেনজো জানান, শীর্ষ সম্মেলনের ঘোষণা চূড়ান্ত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রথমবারের মতো মন্ত্রিপর্যায়ের ঘোষণা চূড়ান্ত করার কাজ চলছে। এ ছাড়া সার্কের এক বছরের কর্মপরিকল্পনা, বিশেষ করে মন্ত্রিপর্যায়ের বৈঠক অনুষ্ঠান ও প্রায় ৯৫টি অনুষ্ঠানের আয়োজন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। ২৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনার বিষয়ে বৈঠকের সূত্রগুলো জানায়, ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও গতকাল বৈঠকের দ্বিতীয় দিনে বিষয়টি তোলেন। মধ্যাহ্ন বিরতির পর তিনি এখন থেকে শুধু সদস্য-দেশই নয়, জোটভুক্ত দেশগুলোর বিশিষ্ট নাগরিক, অনাবাসী নাগরিকদের পাশাপাশি পর্যবেক্ষক দেশগুলোর গবেষণা সংস্থাকে নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরির প্রস্তাব দেন। বেসরকারি ব্যক্তি ও সংস্থা নিয়মিত আলোচনার মাধ্যমে সার্ককে এগিয়ে নিতে প্রস্তাব দেবে ও সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টিও পর্যালোচনা করবে। এ ছাড়া ভারতের পক্ষ থেকে সার্ক বাণিজ্য মেলায় পর্যবেক্ষক দেশগুলোকে অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দেওয়া হয়। এ প্রস্তাবকে অন্য দেশগুলো স্বাগত জানায় এবং এ ব্যাপারে সম্মতি দেয়। এ সময় কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়, পর্যবেক্ষকেরা শুরু থেকেই সার্কের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় হতে চেয়েছে। কর্মপরিকল্পনা ও বাণিজ্য মেলায় তাদের অংশগ্রহণ সার্ককে অনেক বেশি সক্রিয় করতে ইতিবাচক ভূমিকা রাখবে। বৈঠকের সূত্রগুলো জানায়, পর্যবেক্ষকদের সার্কের কর্মকাণ্ডে বেশি সক্রিয় করার ব্যাপারে ভারতের সর্বশেষ অবস্থান তার আগের অবস্থানের বিপরীত। কারণ চীনসহ কয়েকটি দেশ ২০০০ সাল থেকে সার্কে যুক্ত হতে চাইলে তাতে অনীহা ছিল ভারতের। এতে সার্কে পর্যবেক্ষকদের অন্তর্ভুক্তি কয়েক বছর পিছিয়ে যায়। শেষ পর্যন্ত জোটে কয়েকটি দেশকে নেওয়া হলেও তাদের কর্মকাণ্ড সীমিত রাখার পক্ষে মত ছিল দক্ষিণ এশিয়ার প্রভাবশালী এ দেশটির।সবার জন্য সুখ-সমৃদ্ধি দর্শন: ভুটান এবারের সার্ক সম্মেলনে সবার জন্য সুখ-সমৃদ্ধি দর্শনকে (জিএনএইচ) তাদের অন্যতম প্রধান প্রস্তাব হিসেবে তুলে ধরেছে। এ দর্শনের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার উন্নয়ন চায় ভুটান। পররাষ্ট্রসচিবদের বৈঠকে বিষয়টি অনুমোদন পেয়েছে। এ ব্যাপারে ভুটান একটি কর্মশালার আয়োজন করবে। জলবায়ুবিষয়ক শুভেচ্ছা দূত: জলবায়ু পরিবর্তনে বেশি ধুঁকছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্ব সম্প্রদায়ের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে এই প্রথম একজন শুভেচ্ছা দূত নিয়োগ করা হচ্ছে। এভারেস্ট শৃঙ্গে ১৯ বার আরোহণ করে বিশ্ব রেকর্ডধারী আপ্পা শেরপাকে সার্কের জলবায়ুবিষয়ক শুভেচ্ছা দূত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চারটি কৌশলপত্র অনুমোদন: এ অঞ্চলের জ্বালানি-সংকট নিরসনের অংশ হিসেবে ভারত জ্বালানি বাজারের সম্ভাব্যতাবিষয়ক চারটি কৌশলপত্র তৈরি করেছিল। সার্ক পররাষ্ট্রসচিবদের বৈঠকে তা অনুমোদন করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে এ বছরই বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক হবে। ভিসার ক্ষেত্রে শিথিলতা: সার্কভুক্ত দেশগুলোর লোকজনের অবাধ চলাচলের বিষয়টি পররাষ্ট্রসচিবদের আলোচনায় গুরুত্ব পেয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভিসামুক্ত চলাচলের ক্ষেত্রে ব্যবসায়ী ও সাংসদদের জন্য কোটা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করা হবে। জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ভিসা ছাড়াই ভারত ভ্রমণের ঘোষণা দিতে পারেন। হূদয়ের চোখে দেখুন: ‘দিল্লিতে ঘোরার সময় দেখবেন ট্যাক্সির পেছনে লেখা থাকে—হূদয়ের চোখ দিয়ে দিল্লিকে দেখুন। সার্ককে মূল্যায়ন করতে গেলেও সার্ককে মনের চোখ দিয়ে দেখতে হবে।’ কথাগুলো বলেন সার্কের মহাসচিব শীলকান্ত শর্মা। প্রত্যাশা অনুযায়ী কতটা এগিয়েছে—এ প্রশ্নের জবাবে গতকাল ওয়াইডিএফ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ২৫ বছরে সার্কের অর্জন একেবারে কম নয়। তবে একে অন্য জোটের সঙ্গে মেলালে ঠিক হবে না। কারণ ভিন্ন প্রেক্ষাপটে ও পরিস্থিতিতে সার্কের জন্ম।