সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশন নিয়ে ফোরাম গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশন নিয়ে ফোরাম গঠনের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর নির্বাচন কমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এ বিষয়ে দুই দিনের আলোচনা শেষে গতকাল রোববার বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাচন কমিশনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সভা শীর্ষক এই আলোচনা গতকাল রাজধানীর একটি হোটেলে শেষ হয়। আলোচনা শেষে সিইসি বলেন, ‘যেহেতু আটটি দেশের মধ্যে চিন্তা, মনন ও সংস্কৃতির মিল রয়েছে, তাই দেশগুলোর নির্বাচন কমিশন নিয়ে একটি ফোরামের প্রয়োজন আছে। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ফোরাম গঠনে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘এই ফোরামের নাম প্রস্তাব করা হয়েছে ফোরাম অব ইলেকশন কমিশনস অব সার্ক মেম্বারস স্টেট। এ জন্য একটি খসড়া ঘোষণাপত্রও তৈরি করা হয়েছে। এই ঘোষণাপত্র সব দেশের কমিশনের কাছে পাঠানো হবে। তাঁরা সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন। এরপর প্রস্তাবটি আগামী সার্ক সম্মেলনে অনুমোদন পেলে ফোরাম কার্যকর হবে। তবে এর আগে আমরা পাকিস্তানে আরেক দফা বসতে পারি।’ শামসুল হুদা বলেন, গত দুই-আড়াই বছরে সার্কভুক্ত আটটি দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে যাঁর যাঁর অভিজ্ঞতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের নির্বাচন কমিশনার নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। আমাদের দেশের জন্য আমরা আইনের যে খসড়া তৈরি করেছি, সেটা নিয়ে আগামী দুই মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব। এরপর আইনের যে খসড়া তৈরি হবে, সেটা প্রস্তাব আকারে সরকারের কাছে পাঠানো হবে।শামসুল হুদার আগে ভারতের নির্বাচন কমিশনার নবীন বি চাওলা সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ছবিযুক্ত যে ভোটার তালিকা তৈরি করেছে, তা খুবই প্রশংসনীয়। বিশেষ করে বায়োম্যাট্রিকস পদ্ধতিতে ব্যক্তি শনাক্ত করার জন্য দুই মাত্রিক যে বারকোড ব্যবহার করা হয়েছে, তা অনুকরণীয় দৃষ্টান্ত।’ আলোচনায় বাংলাদেশ, ভারত ছাড়াও অন্যান্য দেশের প্রধান নির্বাচন কমিশনারদের মধ্যে নেপালের নীলকণ্ঠ উপ্রেতি, পাকিস্তানের হামিদ আলি মির্জা, মালদ্বীপের ফুয়াদ তৌফিক, ভুটানের দাসো কুনঝাং ওয়াংদি, আফগানিস্তানের আয়ুব আসিল অংশ নেন। বিদেশ সফরে বিধিনিষেধের কারণে শ্রীলঙ্কার কোনো প্রতিনিধি এ অনুষ্ঠানে যোগ দেননি বলে জানা যায়।