সার্কাস! সার্কাস!!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাতে আগুনের কাঠি নিয়ে নেচে চলছেন একজন। নাচতে নাচতে কাঠিতে আগুন থাকা অংশ মুখে ঢুকিয়ে দিলেন তিনি। নিভে গেল আগুন। কিছুক্ষণ পর হাতে নিলেন বেশ কিছু আগুনের কুণ্ডলী। পরক্ষণে একটার পর একটা মুখে ঢুকিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছেন, আর সামনে থাকা দর্শকদের সেকি হাততালি! বিশেষ করে শিশু দর্শকদের মুখ তো একদম হাঁ হয়ে গেছে! এ রকম শারীরিক বিভিন্ন কলাকৌশল দেখাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে চলছে সার্কাস প্রদর্শনী।খেলা দেখিয়েছেন শারীরিক প্রতিবন্ধী রনি। তিনি জানান, তাঁর বাড়ি মিয়ানমার। ছোট থাকতেই রোহিঙ্গা শরণার্থী শিবিরে ছিলেন। তারপর এই খেলাটির চর্চা করতে করতেই তাঁর পা দুটো ভেঙে যায়। হাঁটার জন্য এখন তাঁকে লাঠির সহায়তা নিতে হয়। তিনি পা দুটোকে ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারেন। তবে এতে বেশ কষ্ট হয় বলে রনি জানান। ‘খুব ভালো লেগেছে। কীভাবে আগুন খেয়ে ফেলল লোকটা!চাকাঅলা এত উঁচু সাইকেল চালাল একটা মেয়ে! ছোট্ট একটা ড্রামের ভেতর থেকে পাঁচটা মেয়ে বের হলো! বাপ রে!’ এভাবেই বিস্ময় প্রকাশ করল মায়ের হাত ধরে সার্কাস দেখতে আসা ছোট্ট সামিয়া।মজার মজার এই খেলা দেখতে ভিড়টাও প্রচুর। প্রতিদিন সন্ধ্যায় লোকে লোকারণ্য হয়ে পড়েছে শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণ। ঢাকার নবাবগঞ্জের দ্য লায়ন সার্কাস দল ১ জুন থেকে সার্কাস প্রদর্শন শুরু করে। তাদের প্রদর্শনী শেষ হয়েছে গতকাল। আজ থেকে সার্কাস দেখাবে নীলফামারী জেলার সৈয়দপুরের দ্য রওশন সার্কাস। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে এই সার্কাস চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। বিনা টিকিটেই দেখা যাচ্ছে সার্কাস। প্রদর্শনী শেষ হবে ৮ জুন।