২০১০ সালের ৮ ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হলো। স্বভাবতই ভেবেছিলাম, যথাযথ জাঁকজমকের সঙ্গে বেশ ধুমধাম করেই ওই দিন সার্কের রজতজয়ন্তী পালিত হবে। বাংলাদেশে তো বটেই, আটটি সদস্যদেশেই। অথচ তেমন কিছুই হয়নি, এমনকি আমাদের দেশের সুশীল সংস্থাগুলোও কেমন যেন নিষ্ক্রিয় ছিল। একরকম বিনা আড়ম্বরে ২৬তম সার্ক দিবস এল এবং চলে গেল। সম্ভবত আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্ক সদস্যদেশগুলোর প্রত্যাশা পূরণ করতে পারেনি। যে লক্ষ্য ও উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো পর্যালোচনা করলেই আমরা এর অন্তত বাহ্যিক কারণগুলো অনুধাবন করতে পারব, অন্তর্নিহিত কারণ যা-ই হোক না কেন।সার্কের শুরুর দিকে দৃষ্টি দেওয়া যাক। ১৯৭৫-পরবর্তী বাংলাদেশের সামরিক শাসকেরা তাঁদের শাসনকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা দেওয়ার জন্য ভীষণভাবে সচেষ্ট হয়ে উঠেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইরান-ইরাক যুদ্ধে মধ্যস্থতা করতে গিয়ে হোঁচট খেয়ে দক্ষিণ এশিয়ার দিকে মনোনিবেশ করেছিলেন। দক্ষিণ এশিয়ার সব দেশই তখন আন্তর্জাতিক বাণিজ্যে বিপুল ঘাটতির মুখে। জাতিসংঘে উন্নত ও উন্নয়নশীল দেশের সহযোগিতার আলোচনা ব্যর্থ হয়েছে। উন্নত দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যে আরও রক্ষণশীল হয়ে উঠেছে। সর্বোপরি, ১৯৭৮ সালের ডিসেম্বরে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার নেতারা আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনে বাংলাদেশের প্রস্তাবে একমত হন। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।গত ২৫ বছর সার্কের অর্জনের দিকে তাকালে আমরা পরিপূর্ণ সন্তুষ্ট হতে না পারলেও সম্পূর্ণ হতাশ হওয়ারও কারণ দেখি না। সার্কের দুই বৃহৎ সদস্যরাষ্ট্র সার্কের বিষয়ে তাদের প্রাথমিক সন্দেহ কাটিয়ে উঠে সার্ক প্রতিষ্ঠায় যে বিশেষ ভূমিকা রেখেছে, সেটিকেই আমি সার্কের প্রথম সাফল্য হিসেবে গণ্য করব।বিশ্বায়নের প্রথম সোপান হিসেবে সার্কের অঞ্চলায়ন প্রয়াসও যথেষ্ট সফল। শম্বুকগতিতে হলেও সদস্যদেশগুলো পরস্পরের সমস্যা অনুধাবন করতে পারছে। সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও কারিগরি এবং তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে তাদের মধ্যে সক্রিয় সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। জনগণের মধ্যে যোগাযোগ গড়ে উঠছে। সার্কের সঙ্গে অন্যান্য উন্নয়নশীল দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার হচ্ছে। ইতিমধ্যে সার্কের সদস্যসংখ্যা বৃদ্ধি পেয়েছে। অষ্টম সদস্য হিসেবে আফগানিস্তান সার্কে যোগদান করেছে। চীন ও জাপানকে পর্যবেক্ষক সদস্য হিসেবে সার্কের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সার্কের জন্যই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতারা রীতিমতো মিলিত হচ্ছেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সমস্যা নিয়ে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা করছেন। ফলে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়েও বহু দ্বিপক্ষীয় সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। অতীতের তিক্ত সাংঘর্ষিক অভিজ্ঞতা তিক্ততর হওয়ার সুযোগ পাচ্ছে না। ২০০৮ সালে কলম্বো শীর্ষ সম্মেলনে সৃষ্ট ৩০ কোটি মার্কিন ডলারের সার্ক উন্নয়ন তহবিল সার্ক সদস্যদেশগুলোর মধ্যে প্রকল্পভিত্তিক সহযোগিতার সম্ভাবনা সৃষ্টি করেছে। সার্ক মুক্ত বাণিজ্য এলাকা চুক্তিও ক্রমশ কার্যকর হচ্ছে। এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সার্ক সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন দিক উন্মোচন করবে। ইতিমধ্যে সার্ক মুক্ত বাণিজ্য এলাকা চুক্তির অধীনে আন্তসার্ক বাণিজ্য ২০০৯ সালেই ৭০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, ২০০৬ সালে এর পরিমাণ ছিল দেড় কোটি মার্কিন ডলারেরও কম। স্পর্শকাতর দ্রব্যের বিশাল তালিকার জন্য সার্ক মুক্ত বাণিজ্য এলাকা চুক্তিকে নিখুঁত ও পূর্ণাঙ্গ বলা না গেলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই চুক্তির গুরুত্ব অপরিসীম। অবকাঠামোগত দুর্বলতা, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, অনুন্নত রেল ও সড়ক যোগাযোগ, বন্দরসুবিধার অপ্রতুলতা—এ সবকিছু মিলিয়ে সার্ক তার আঞ্চলিক বাণিজ্য সম্ভাবনার পূর্ণ সুফল ভোগ করতে পারছে না। যাতায়াত ও অবকাঠামোগত অসুবিধা দূর করতে পারলে আন্তসার্ক বাণিজ্য এই সম্ভাবনা বহুল পরিমাণে অর্জন করতে সক্ষম হবে। দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির পরিবেশ সৃষ্টি এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে একটি উন্নত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে সার্ক সৃষ্টি হয়েছিল। ২৫ বছর পরেও সে লক্ষ্য পূর্ণ অর্জিত হয়নি। আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে সার্কও আঞ্চলিক শান্তি ও সম্প্রীতি সুুদৃঢ় করার সামর্থ্য অর্জন করতে পারেনি। বিভিন্ন আঞ্চলিক ও অঞ্চলবহির্ভূত অপশক্তি এখানে শান্তি ও শৃঙ্খলা বিঘ্ন করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এদের মোকাবিলা করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি দক্ষিণ এশীয় ইউনিয়ন বিনির্মাণের পথে প্রধান অন্তরায় সার্ক দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক আস্থাহীনতা ও অন্তর্দ্বন্দ্ব। দক্ষিণ এশিয়ার সব নাগরিকের এই অঞ্চলের বিভিন্ন দেশে অবাধে চলাচলের অধিকার, একটি অভিন্ন মুদ্রাব্যবস্থা, অভিন্ন পররাষ্ট্রনীতি এবং সমন্বিত উন্নয়ন নীতিই কালক্রমে সার্ককে একটি প্রকৃত আঞ্চলিক সংস্থা হিসেবে পরিপূর্ণতা দিতে পারে। আর সে জন্য দক্ষিণ এশিয়ার দেড় শ কোটি মানুষ এবং সার্ক সদস্যদেশের নেতাদের আরও কার্যকর ভূমিকা পালন করে যেতে হবে। মোস্তফা ফারুক মোহাম্মদ: সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত