সার্কের শুভেচ্ছাদূত হলেন রুনা লায়লা
সার্কের এইচআইভি এইডস-বিষয়ক অন্যতম শুভেচ্ছাদূত হলেন শিল্পী রুনা লায়লা। এ বছরের শুরুতে কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে সদস্য দেশগুলোর সচিব পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুনা লায়লা ছাড়াও ভারতের অভিনেতা অজয় দেবঘন এবং পাকিস্তানের প্রামাণ্যচিত্র নির্মাতা শারমিন ওবায়েদ চিন্ময় শুভেচ্ছাদূত হয়েছেন। সার্কের শুভেচ্ছাদূত হিসেবে সংস্থার মহাসচিবের একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ মঙ্গলবার রুনা লায়লার হাতে তুলে দিয়েছেন। প্রসঙ্গত, এ বছর ১০ জনের তালিকা থেকে এ তিনজনকে সার্কের এইচআইভি এইডসবিষয়ক শুভেচ্ছা দূত নির্বাচিত করা হয়। শুভেচ্ছাদূত নির্বাচনের ক্ষেত্রে এইচআইভি এইডসবিরোধী প্রচারণায় সচেতনতা সৃষ্টিতে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভূমিকা রাখতে পারেন, এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে।২০০৮ সাল থেকে সার্কের এইচআইভি এইডসবিষয়ক শুভেচ্ছা দূত নির্বাচন করা হচ্ছে। এর আগের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালনকারীদের অন্যতম হচ্ছেন ভারতের অভিনেত্রী শাবানা আজমী ও শ্রীলঙ্কার ক্রিকেটার সনাথ জয়সুরিয়া।