সার্চ কমিটিতে নাম দেয়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বেশ কিছু ব্যক্তির নাম পেয়েছে অনুসন্ধান কমিটি। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোও নাম দিয়েছে। পাশাপাশি কমিটিও নিজ বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নাম সংগ্রহ করেছে। তবে বিএনপি কোনো নাম দেয়নি।এখন এসব নামের সংক্ষিপ্ত তালিকা করছে কমিটি। প্রধান বিরোধী দল আগেই জানিয়ে দিয়েছিল তারা নাম দেবে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির তৃতীয় সভায় প্রাপ্ত নাম পর্যালোচনা করা হয়। সভার পর জানতে চাইলে কমিটির সদস্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কিছু নাম পেয়েছি। দু-এক দিনের মধ্যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করব।’অনুসন্ধান কমিটির কার্যপরিধি অনুযায়ী কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের জন্য দুজন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে।আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম।