সার্চ কমিটির স্বচ্ছতা নেই: সুজন
রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান যে সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করেছেন, তাতে স্বচ্ছতা নেই। এর মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হবে এবং বিরোধী দল তা গ্রহণ করবে না। আজ বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও রাষ্ট্রপতির সুপারিশ’ শীর্ষক আলোচনা সভায় অধিকাংশ আলোচক সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দেন। বক্তারা মনে করেন, সরকারের উচিত নির্বাচন কমিশন গঠন-সম্পর্কিত আইন প্রণয়ের জন্য সংসদে বিল আনা এবং বিএনপির উচিত সংসদে গিয়ে আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়া। বিএনপিকে উদ্দেশ করে বক্তারা বলেন, বিএনপি নির্বাচন কমিশন গঠন-বিষয়ক আলোচনাকে গুরুত্ব না দিয়ে কেবল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করতে চাইছে, তা ঠিক নয়। কারণ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় কেবল জাতীয় নির্বাচনের জন্য। আর নির্বাচন কমিশন শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পরিচালনা করে। তাই বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনড় না থেকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করতে হবে। আলোচনায় আইনজীবী শাহদীন মালিক বলেন, এটি কোনো কঠিন আইন নয়। দুই সপ্তাহের মধ্যে আইন পাস করা সম্ভব। আইনে কমিশনার নিয়োগের পদ্ধতি, কমিশনারদের যোগ্যতা অযোগ্যতা উল্লেখ থাকবে। এ আইনের মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ হলে তা গ্রহণযোগ্য হবে। বর্তমান সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। সংসদে আলোচনা করে আইন করা ভালো। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান। আর মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এ ছাড়া বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আবুল মকসুদ, অধ্যাপক কামাল আতাউর রহমান, সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হুমায়ুন কবীর।