সার্জেন্টের বিরুদ্ধে চালককে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশের এক সার্জেন্টের বিরুদ্ধে এক পিকআপ-চালককে হত্যার অভিযোগ এনে গতকাল মঙ্গলবার রংপুর-ঢাকা মহাসড়ক দুই দফায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল ১০টায় মহাসড়কের ফাঁসিতলা মাজারসংলগ্ন মোগলটুলি এলাকায় দুর্ঘটনার পরপরই জনতা প্রথম দফায় মহাসড়ক অবরোধ করে। দুই ঘণ্টা পর প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সার্জেন্টকে প্রত্যাহারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।পিকআপ-চালক কাওসার আহম্মদের (২৮) লাশ দুপুরে মহাস্থানগড়সংলগ্ন গোকুল এলাকায় তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর লোকজন আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করে। এ সময় তারা মহাসড়কে গাড়ি ভাঙচুর করে। বিকেলে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে আর্থিক ক্ষতিপূরণ ও দোষী ব্যক্তিদের শাস্তির আশ্বাসের পর লোকজন অবরোধ প্রত্যাহার করে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হাইওয়ে পুলিশের সার্জেন্ট নিকুঞ্জ সরকার কাগজপত্র যাচাইয়ের নামে চাঁদাবাজি করার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্য একটি পিকআপের চালক কাওসার আহম্মদ নিহত হন। এর প্রতিবাদে দুপুর থেকে গোকুল এলাকায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। জনতা এ সময় পুলিশের একটি গাড়ি, দূরপাল্লার বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। অবরোধে মহাসড়কের মোকামতলা থেকে বগুড়ার বনানী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়ায় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।বিক্ষুব্ধ জনতা ও পরিবারের দাবি, যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাইয়ের নামে হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করছিল। চাঁদার টাকা না দেওয়ায় বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশের এক কর্মকর্তা কাওসারকে ধাক্কা দিয়ে ফেলে দিলে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে তিনি মারা যান।তবে হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের (পশ্চিমাঞ্চল) পুলিশ সুপার ইসরাঈল হাওলাদার পুলিশের চাঁদাবাজি ও ধাক্কা দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, পিকআপ ভ্যানের কাগজপত্র যাচাইকালে কোনো ত্রুটি না পেয়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ওই চালককে যেতে বলেন। চালক মহাসড়ক পার হওয়ার সময় অন্য একটি ট্রাক এসে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ কাওসারকে ধাক্কা দেয়নি এবং চাঁদা চাওয়ার অভিযোগও সঠিক নয়। তার পরও ওই সার্জেন্টকে গোবিন্দগঞ্জ ফাঁড়ি থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন সহকারী পুলিশ সুপারকে প্রধান করে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, সকাল ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ওই এলাকায় যানবাহন তল্লাশির নামে চাঁদাবাজি করছিলেন নিকুঞ্জ সরকার। এ সময় একটি পিকআপ ভ্যান নিয়ে বগুড়ায় ফিরছিলেন কাওসার আহম্মদ। তাঁর মা-বাবা অভিযোগ করেছেন, চাঁদার টাকা না পেয়ে কাওসারকে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে খুন করেছে হাইওয়ে পুলিশ।বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, মহাসড়ক অবরোধের কারণে উত্তরের নয়টি জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ চার ঘণ্টা বন্ধ ছিল। ইউএনও আবদুর রহিম প্রথম আলোকে বলেন, অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতাও দেওয়া হবে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেননি।