সার্বভৌমত্ব আবার ক্ষুণ্ন হলে সমর্থন প্রত্যাহার: হিনা রাব্বানি
পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আবার হামলা হলে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে সমর্থন প্রত্যাহার করার হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।দ্য নিউজ পত্রিকায় জানায়, পররাষ্ট্রবিষয়ক সিনেট কমিটিকে হিনা বলেছেন, ‘যথেষ্ট হয়েছে। আর না। ভবিষ্যতে এ রকম আর কোনো ঘটনা এমনকি একজন বেসামরিক ব্যক্তি বা সেনার রক্ত ঝরলে আর বরদাশত করা হবে না।’ তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে পাকিস্তানের ভূমিকাকে অবশ্যই এড়ানো যাবে না।’সম্প্রতি সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হামলায় পাকিস্তানের ২৪ জন সেনা নিহত হন। এ ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এদিকে গত বৃহস্পতিবার আফগানিস্তানে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী জানায়, ন্যাটো এ হামলার জন্য দায়ী হতে পারে।কর্মকর্তারা জানান, ওই দুই ব্যক্তি পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানে কাঠ সংগ্রহ করছিল। এ সময় ন্যাটোর হেলিকপ্টার থেকে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে তারা নিহত হয়। রয়টার্স।