সার্বিয়ায় বন্দুকধারীর গুলিতে মাসহ নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের বাইরে একটি গ্রামে আজ মঙ্গলবার সকালে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বন্দুকধারীর নিজের মা, ছেলেসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে দুই বছরের একটি শিশুও রয়েছে।বিবিসির খবরে বলা হয়, হত্যাযজ্ঞ চালানোর পর বন্দুকধারী নিজেকে ও তাঁর স্ত্রীকেও গুলি করে হত্যার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা বেঁচে থাকলেও চিকিত্সকেরা বলেছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ বলেছে, ওই বন্দুকধারীর নাম লুবিসা বগদানোভিচ (৬০)। নিহত লোকজনের সবাই তাঁর স্বজন ও প্রতিবেশী। এমনকি তাঁর মা ও এক ছেলেও হতভাগ্যদের তালিকায় রয়েছেন। একজন বাদে বাকি সবাই ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় বাসিন্দারা জানান, বগদানোভিচ একটি নাইন এমএম বন্দুক দিয়ে প্রথমে তাঁর ছেলেকে গুলি করেন। পরে ঘরের বাইরে এসে প্রতিবেশীদের গুলি করেন। এ সময় অনেকে ঘুমিয়ে ছিলেন।রাদোভান রাদোসাভজেভিক নামের এক গ্রামবাসী বলেন, তিনি (বগদানোভিচ) এসেই ঘরের দরজায় কড়া নাড়েন। দরজা খুলতেই তিনি ঘরের সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। তিনি বলেন, বগদানোভিচ একজন ভালো প্রতিবেশী বলে পরিচিত। কী কারণে এমনটি ঘটেছে, তা তিনি বুঝে উঠতে পারছেন না।দেশটির প্রধান পুলিশ কর্মকর্তা মিলোরাদ ভেলিজোভিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ওই বন্দুকধারী একটি ভালো পরিবারের সদস্য। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এ ঘটনায় আমরা সবাই বিস্মিত!’ তিনি বলেন, নৃশংস এ ঘটনার আসল রহস্য এখন পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয়নি।