সালদা-কৈলাসটিলায় নতুন তিনটি গ্যাসস্তরের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সালদা ও সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রে নতুন তিনটি গ্যাসস্তরের সন্ধান পাওয়া গেছে। সালদার এক নম্বর কূপে ওয়ার্কওভার (সংস্কার) করার সময় দুটি এবং সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির পরিচালনাধীন কৈলাসটিলার চার নম্বর কূপে সংস্কারকাজের সময় একটি স্তরের সন্ধান পেয়েছে বাপেক্স।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেছেন, নতুন স্তর তিনটির সন্ধান পাওয়ায় ওই দুটি ক্ষেত্রেই গ্যাসের মজুদ এবং সেখান থেকে গ্যাস উত্তোলনের পরিমাণ বাড়তে পারে। তবে কতটা বাড়তে পারে, তা বলতে তাঁরা আরও কয়েক দিন সময় নেবেন।বাপেক্স সূত্র জানায়, সালদার এক নম্বর কূপে প্রায় আড়াই হাজার মিটার গভীরতায় ওয়ার্কওভার শুরুর পরই তারা গ্যাসের প্রবাহ লক্ষ করে। এরপর খননযন্ত্রের কারিগরি ত্রুটির কারণে কাজ বন্ধ ছিল। ত্রুটি সারিয়ে কাজ শুরুর পর কূপটির দুই হাজার ৯৪৫ মিটার গভীরে প্রথমে এবং গতকাল শুক্রবার দুই হাজার ৯৭৫ মিটার গভীরে আরও একটি নতুন স্তরের সন্ধান পাওয়া যায়।১৯৯৬ সালে আবিষ্কারের পরবর্তী দুই বছরের মধ্যেই সালদা থেকে উৎপাদন শুরু হয়। তখনকার নির্ধারিত মজুদ ১১৬ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) থেকে এখন পর্যন্ত প্রায় ৬৬ বিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। বর্তমানে তিনটি কূপের মধ্যে একটি থেকে দৈনিক ৭৪ লাখ ঘনফুটের মতো গ্যাস উত্তোলন করা হচ্ছে।ক্ষেত্রটি থেকে উত্তোলন বাড়াতে বাপেক্স এক নম্বর কূপে ওয়ার্কওভার ও ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী কূপটিতে ওয়ার্কওভার করতে গিয়ে নতুন দুটি স্তর পাওয়া গেল। এ ছাড়া ইতিমধ্যে ক্ষেত্রটির ১২০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক জরিপ চালানো হয়েছে।কৈলাসটিলার চার নম্বর কূপটিতে গ্যাসের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পানি উঠতে থাকলে কূপটি বন্ধ করে ওয়ার্কওভার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাজ করতে গিয়েই কূপটির দুই হাজার ৭২২ থেকে দুই হাজার ৭২৯ মিটার গভীরতার মধ্যে নতুন স্তরটির সন্ধান পাওয়া যায়।স্তরটিতে গ্যাসের মজুদ সম্পর্কে নিশ্চিত ধারণা লাভের জন্য গতকাল দিবাগত রাত থেকে ‘ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি)’ শুরু করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে এই পরীক্ষা শেষ হবে।কৈলাসটিলা থেকে বর্তমানে প্রতিদিন নয় কোটি ঘনফুটের বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে। ক্ষেত্রটিতে গ্যাসের মজুদ নতুন করে জানতে বাপেক্সের জরিপ দল ১৯০ বর্গকিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। জরিপে গ্যাসের পাশাপাশি ক্ষেত্রটিতে তেলেরও সন্ধান পাওয়া গেছে এবং পেট্রোবাংলা এটিকে তেলক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেছেন, নতুন সন্ধান পাওয়া গ্যাসস্তরগুলোতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য মজুদ থাকলে এ বছরই সেখান থেকে উৎপাদন শুরু করা হবে।