সালদায় নতুন কূপে গ্যাস পেয়েছে বাপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালদা গ্যাসক্ষেত্রের একটি নতুন কূপে দুটি স্তরে গ্যাস পেয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি— বাপেক্স। চলতি মাসেই এই কূপ থেকে গ্যাস তোলা শুরু হবে। এই ক্ষেত্রের গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হবে।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আগে আবিষ্কৃত এই ক্ষেত্রটিতে গত জুলাই মাসে বাপেক্স নতুন কূপ খনন শুরু করে। কূপটির দুই হাজার থেকে দুই হাজার ১০০ মিটার গভীরতায় দুটি আলাদা গ্যাসস্তরের সন্ধান পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন কূপটির স্থায়ী আকার দেওয়া (সিমেটিং) এবং গ্যাসস্তর পরীক্ষার প্রক্রিয়া চলছে। এই মাসের শেষ দিকে এখান থেকে গ্যাস তোলা শুরু হবে। এই কূপ থেকে দৈনিক দুই কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে।এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং ও সিলেটের ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে আগামী (ডিসেম্বর) মাসে গ্যাস উত্তোলন ও সরবরাহ শুরু করা যাবে। সেমুতাং থেকে এখনই গ্যাস তোলা যায়। কিন্তু পাইপলাইন স্থাপনের জন্য আগামী মাস পর্যন্ত সময় লাগছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, সেমুতাং থেকেও দৈনিক প্রায় দুই কোটি ঘনফুট এবং ফেঞ্চুগঞ্জ থেকে দৈনিক প্রায় সাড়ে তিন কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে।বাপেক্সের মালিকানা ও পরিচালনাধীন ক্ষেত্রগুলো থেকে এখন দৈনিক সাড়ে তিন কোটি ঘনফুটের মতো গ্যাস তোলা হচ্ছে। সালদা, সেমুতাং ও ফেঞ্চুগঞ্জ থেকে উত্তোলন শুরু হলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাপেক্সের দৈনিক উত্তোলিত গ্যাসের পরিমাণ ১০ কোটি ঘনফুটে উন্নীত হবে।এ ছাড়া বাপেক্সের মধ্যমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে বাপেক্স দেশের স্থলভাগে মোট ৩০টি কূপ খনন করবে। দৈনিক মোট গ্যাস উত্তোলন করবে ৫০ কোটি ঘনফুট।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি, সালদা ও সেমুতাং দুটি ক্ষেত্র থেকে দৈনিক প্রায় চার কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে। এই গ্যাস পুরোটাই চট্টগ্রামে সরবরাহ করা হবে।’