সালভাদর আলেন্দের মৃত্যুর তদন্ত করবে চিলি সরকার
চিলি সরকার সাবেক সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভাদর আলেন্দের মৃত্যুর রহস্য তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান।১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন-সমর্থিত এক সেনা অভ্যুত্থানের সময় আলেন্দে মারা যান। সেনা ও বিমান অভিযানের পর প্রেসিডেন্ট প্রাসাদে তাঁর মৃতদেহ পাওয়া যায়।আলোচিত ওই সেনা অভ্যুত্থানে মার্কিন-সমর্থিত জেনারেল আগুস্তো পিনোচেট ক্ষমতা দখল করেন। পিনোচেটের টানা ১৭ বছরের শাসনামলে দেশে তিন হাজারেরও বেশি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। এ ছাড়া তখন অসংখ্য মানুষ পিনোচেটের জেল-জুলুমের শিকার হন। অভ্যুত্থানের সময় আলেন্দে আত্মহত্যা করেছেন, নাকি সেনারা তাঁকে হত্যা করেছে, ওই বিষয়টিই তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। রাজধানী সান্তিয়াগোর একটি বিশেষ আদালতে গত বুধবার মানবাধিকার লঙ্ঘনের ৭২৬টি অভিযোগ বিচারের উদ্দেশ্যে তোলা হয়। এর মধ্যে আলেন্দের ঘটনাটি অন্যতম। বিশেষ আদালতের জজ মারিও ক্যারোজা বলেছেন, ‘আলেন্দের মৃত্যুর বিষয়টি তদন্ত করা একটি সুমহান দায়িত্ব।’সরকারি আইনজীবী বেট্রিজ পেড্রেলস মামলাটি আদালতে তোলেন। চিলিতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত যেসব ঘটনা এখন পর্যন্ত বিচারের আওতায় আসেনি, তা চিহ্নিত করতে এই আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বেট্রিজ পেড্রেলস বলেন, ‘যা তদন্ত করা হয়নি, আদালত তা তদন্ত করবেন। তখন কী হয়েছিল, তা উন্মোচিত হবে।’ অতীতে এক সরকারি ময়নাতদন্তে বলা হয়, আলেন্দে আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যায় তিনি যে রাইফেলটি ব্যবহার করেন, সেটি ছিল তাঁর কিউবান বন্ধু ফিদেল কাস্ত্রোর দেওয়া উপহার। আলেন্দের ব্যক্তিগত চিকিত্সক ওই ময়নাতদন্তের সত্যতা নিশ্চিত করেন। আলেন্দের পরিবারও তা মেনে নেয়। তবে চিলির সাবেক এই সমাজতান্ত্রিক নেতার মৃত্যুর বিষয়ে তাঁর অনেক সমর্থকই প্রশ্ন তোলেন । তাঁদের বিশ্বাস, সেনারা আলেন্দেকে হত্যা করে। সালভাদর আলেন্দে ১৯৭০ সালে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি ছিলেন দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মার্ক্সপন্থী প্রেসিডেন্ট। তখন অনেকের সন্দেহ ছিল, আলেন্দে চিলিকে আরেকটি কিউবায় পরিণত করতে চেয়েছিলেন। —বিবিসি।