সালমান ও রকিবুর শেয়ারবাজারের দায়িত্ব নিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার স্থিতিশীল করার দায়িত্ব নিয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এ জন্য তিনি বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন। এ ক্ষেত্রে তাঁর সঙ্গী হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আলোচিত সাবেক সভাপতি রকিবুর রহমান। তাঁরা দুজনেই এখন ডিএসইর পরিচালক। সালমান এফ রহমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি হিসেবে সম্প্রতি ডিএসইর পরিচালক হয়েছেন। ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, ‘১৯৯৬ সালের তদন্ত প্রতিবেদনে সন্দেহের তালিকায় ছিলেন ইমতিয়াজ হোসেন, খোরশেদ আলম, সালমান এফ রহমান, এনায়েতুর রহিম, রকিবুর রহমান, শাকিল রিজভী প্রমুখ। বর্তমান তদন্তে এঁদের মধ্যে সালমান এফ রহমান ও রকিবুর রহমানের ভূমিকা নিয়ে ব্যাপক মতামত এসেছে এবং কিছু তথ্যও পরিবেশিত হয়েছে। এসইসিকে প্রভাবিত করতে দুজনেই সক্রিয় ছিলেন। এসইসি পরিচালনায় দুজনেরই অনাকাঙ্ক্ষিত প্রভাব ছিল। এ কারণে সাধারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’তদন্ত কমিটি সুপারিশ করে আরও বলেছিল, ‘পুঁজিবাজার লেনদেন ও পরিচালনায় সালমান এবং রকিবুর রহমানের প্রভাব বিস্তারের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সতর্কতা অবলম্বন প্রয়োজন বলে তদন্ত কমিটি মনে করে। “মার্কেট প্লেয়াররা” এসইসির ওপর প্রভাব বিস্তারে সক্ষম হলে এসইসি অকার্যকর হয়ে থাকবে, আবারও বাজারে বিপর্যয় ঘটবে।’ গত এপ্রিলে এই প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছিল।তদন্ত কমিটির এই সতর্কতার পরও এই দুজনেই আবার সক্রিয় হয়েছেন শেয়ারবাজার নিয়ে। এরই মধ্যে সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউনিক হোটেল ও রিসোর্টের (ওয়েস্টিন হোটেল) প্রাথমিক শেয়ার ছাড়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন করে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। জানা গেছে, বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিএসইর তিন পরিচালক গত শনিবার বিশেষ বৈঠক করেছেন। বৈঠকে সালমান এফ রহমান ও রকিবুর রহমান ছাড়াও আরও উপস্থিত ছিলেন ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেক্সিমকো গ্রুপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যোগাযোগ করা হলে সালমান এফ রহমান প্রথম আলোকে বলেন, ‘বাজারকে কীভাবে স্থিতিশীল করা যায়, তা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এরই মধ্যে বিএপিএলসি থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার বাইরে আর কী কী করা যেতে পারে, এসব নিয়ে আলোচনা হয়েছে।’ সালমান এফ রহমান আরও বলেন, ‘বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা প্রতিদিনই সভা করছি। তারই ধারাবাহিকতায় ডিএসইর সাবেক দুই সভাপতির সঙ্গে বৈঠক করেছি।’বৈঠকের সত্যতা স্বীকার করে ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। কীভাবে বাজারের প্রতি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা যায়, সেসব বিষয়ে কথা বলেছি।’সালমান এফ রহমান গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গেও বৈঠক করেন। এরপর ওই দিন বিকেলে ডিএসইতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের বাজার থেকে শেয়ার কেনার সিদ্ধান্ত জানান। ঘোষণার পরদিন বৃহস্পতিবার সালমান বাজারমূল্যে বেক্সিমকোর পাঁচ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। বাংলাদেশ ব্যাংকেও বৈঠক করেছেন তিনি।