সালমান তাসিরকে লাহোরে দাফন করা হয়েছে
পাঞ্জাবের গর্ভনর সালমান তাসিরকে আজ বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় লাহোরে সেনাবাহিনীর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গর্ভনর হাউসে তাসিরের জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ তাঁর জানাজায় যোগ দেয়। পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারির পক্ষ থেকে তাঁর মরদেহে ফুলের তোড়া দেন ফারইয়াল তালপুর।প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ রাষ্ট্রীয় গণ্যমান্য ব্যক্তিরা সালমান তাসিরের দাফনের সময় উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে পাকিস্তানে তিন দিন জাতীয়ভাবে শোক পালন করা হচ্ছে।বিশ্বনেতাদের নিন্দা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনপ্রিয় গভর্নর ও উদারপন্থী রাজনীতিবিদ সালমান তাসিরের হত্যার ঘটনায় বিশ্বনেতারা তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। সালমান তাসিরের মৃত্যুকে হিলারি ক্লিনটন পাকিস্তানের জন্য বড় ধরনের ক্ষতি বলেও অভিহিত করেছেন।হিলারি বলেছেন, ‘পাকিস্তানে তাঁর সঙ্গে আমার সাক্ষাত্ করার সুযোগ হয়েছিল। পাকিস্তানের ভবিষ্যত্ প্রজন্মের জন্য সহিষ্ণুতার বিকাশ এবং শিক্ষার বিস্তারে আমি তাঁর কাজের প্রশংসা করেছি।’জাতিসংঘের মহাসচিব বান কি মুন সালমান তাসিরের মৃত্যুকে পাকিস্তানের জন্য একটি ক্ষতি বলে অভিহিত করেছেন।ব্রিটিশ পররাষ্ট্রসচিব উইলিয়াম হাগ বলেছেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনি শোকাহত।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসির গতকাল মঙ্গলবার ইসলামাবাদে তাঁর দেহরক্ষীর গুলিতে নিহত হন। ব্লাসফেমি আইনের বিরোধিতা করার কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তাসির পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন জ্যেষ্ঠ নেতা ছিলেন। ইসলামাবাদের একটি বিখ্যাত বাজার এলাকায় তাঁর ওপর গুলি চালানো হয়।রাজনৈতিকভাবে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের গভর্নর সালমান তাসির তালেবান ও অন্য ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে খোলাখুলি কথা বলতেন। সম্প্রতি তিনি বিতর্কিত ব্লাসফেমি আইনের বিরুদ্ধেও কথা বলেন।—দ্য নিউজ অনলাইন, বিবিসি।