সালমানের সাম্রাজ্যে ক্রিস গেইলের হানা!
বলিউডের খানদের অন্যতম প্রভাবশালী সদস্য সালমান খান। সম্প্রতি সেই সালমানের কাছ থেকেই কিনা বলিউডের সাম্রাজ্য কেড়ে নিতে চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার ক্রিস গেইল! বলিউডের ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে সম্প্রতি এমন চাঞ্চল্যকর মন্তব্যই করেছেন ৩২ বছর বয়সী জ্যামাইকার এই ক্রিকেট খেলোয়াড়।এ প্রসঙ্গে ক্রিসের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘বলিউডে ঝড় তুলতে আসছি আমি। সালমানকে হটিয়ে তাঁর আসনটিও দখল করতে চাই। সম্প্রতি মজা করে শাহরুখ খানকে বলিউডের ছবিতে আমার অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছিলাম। শাহরুখের সঙ্গে মজা করলেও সত্যিই আমি বলিউডের ছবিতে কাজ করতে চাই। আমি নিশ্চিত, শাহরুখ আমাকে সেই সুযোগ করে দেবেন।’ক্রিস আরও বলেছেন, ‘আমার বিশ্বাস, আগামী বছরই বলিউডের ছবিতে কাজের সুযোগ পাব। ছবির কাজ ছাড়াও মিউজিক ভিডিওর মডেল হওয়ারও স্বপ্ন দেখছি। আমি নিশ্চিত, শিগগিরই গেইল-ঝড় উঠতে যাচ্ছে বলিউডে।’প্রীতি জিনতা ও শিল্পা শেঠি ছাড়া বলিউডের অন্যান্য অভিনেত্রীর সঙ্গে আলাপের সুযোগ হয়নি ক্রিসের। তবে তাঁদের মধ্যে কয়েকজনকে খুবই আকর্ষণীয় মনে হয় তাঁর কাছে। ক্রিসের ভাষ্য, ‘আমি নিশ্চিত, বলিউডের সব অভিনেত্রীই আমার সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন। বিশ্বাস না হলে তাঁদেরকেই জিজ্ঞেস করে দেখুন।’এখন পর্যন্ত বলিউডের কোনো ছবি না দেখলেও শাহরুখের সঙ্গে একই মঞ্চে নেচেছিলেন ক্রিস। হিন্দি গানের সঙ্গে সেই নাচ অনেক উপভোগও করেছিলেন তিনি।