সালমানের ‘ডাবল ধামাকা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খানের ভক্তদের জন্য ‘ডাবল ধামাকা’ই নিয়ে আসছে ‘দাবাং ২’ ছবিটি। ছবিটিতে দু-দুটি আইটেম গান দেখার সুযোগ পাবে দর্শকেরা। এর মধ্যে ‘দাবাং’ ছবির তুমুল জনপ্রিয় চরিত্র চুলবুল পান্ডেকে নিয়ে ‘পান্ডেজি মারে সিটি’ গানে মালাইকা অরোরা খানের সঙ্গে নাচবেন সালমান। ছবির আরেক আইটেম গানে দেখা মিলবে সালমানের ‘বডিগার্ড’ সহ-তারকা কারিনা কাপুরের।দাবাং ছবিতে সালমান অভিনীত চুলবুল পান্ডে চরিত্রটি বলিউডের অন্যতম জনপ্রিয় চরিত্রে পরিণত হয়েছে। এই জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখেই দাবাং ২ ছবির নির্মাতা ও সংগীত পরিচালকেরা মিলে ঠিক করেছেন, চুলবুল পান্ডেকে নিয়ে নাটকীয় ও মসলাদার একটি আইটেম গান বানাবেন। ‘পান্ডেজি মারে সিটি’ শিরোনামের গানটিতে সালমানের সঙ্গে কোমর দোলাবেন দাবাংয়ের ‘মুন্নী বদনাম হুয়ি’খ্যাত মালাইকা। দাবাং প্রযোজনার পর এবার এর সিক্যুয়েল পরিচালনার মধ্য দিয়ে চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন সালমানের ভাই আরবাজ খান। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সালমান খান, সোনাক্ষী সিনহা, সনু সুদ প্রমুখ। এর সংগীত পরিচালনা করছেন সাজিদ-ওয়াজিদ। ৯ মার্চ শুক্রবার থেকে মুম্বাইয়ের কামাল আমরোহি স্টুডিওতে এর শুটিং শুরু হয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৫ ডিসেম্বর।