সালমানের ‘বিয়েভীতি’!
সম্প্রতি কণ্ঠশিল্পী ও সংগীতকার বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ির বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বলিউডের ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। সেখানে বর্ষীয়ান একজন সালমানের দ্রুত বিয়ের জন্য আশীর্বাদ করলে এর প্রতিক্রিয়ায় তাঁর আচরণে বিয়েভীতির বিষয়টি উপস্থিত প্রায় সবাই লক্ষ করেছেন। সম্ভবত পুরোনো সব ব্যর্থ প্রেমই সালমানকে এমন করেছে। এক খবরে এই তথ্য জানিয়েছে ওয়ানইন্ডিয়া।বিয়ের অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে উপস্থিত একজন বয়স্ক অতিথি সালমানকে আশীর্বাদ করে বলেন, শিগগিরই যেন তাঁর ঝুলে থাকা বিয়েটা হয়ে যায়। বিয়ের কথা শুনে আঁতকে উঠে সালমান পাল্টা বলে বসেন, ‘বিয়ে কিংবা বাচ্চাকাচ্চার পরিবর্তে আমার স্বাস্থ্য, সাফল্য আর পকেট ভারী হওয়ার জন্য আশীর্বাদ করুন।’বিয়ে নিয়ে সালমানের এমন প্রতিক্রিয়ায় অবাক হয়েছেন অনেকেই। কেউ কেউ মত দিয়েছেন, বারবার প্রেমে ব্যর্থ হওয়ার কারণেই সম্ভবত বিয়েভীতি ঢুকে পড়েছে সালমানের মনে। অনেকে এমনও বলছেন, তবে কি সারা জীবন একলা থেকেই কাটিয়ে দেবেন ৪৬ বছর বয়সী এই বলিউড অভিনেতা!