সালমার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ছেলেরা বিশ্বকাপ খেলছে, মেয়েরা খেলবে না? একদিন অবশ্যই খেলবে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। লিখেছেন বদিউজ্জামানখুলনা শহরে রূপসার মিলকি দিয়াড়ার চেয়ারম্যান বাড়িতে বছর চারেক আগেও টেলিভিশন ছিল না। এই বিনোদন বাক্সটি সম্প্রতি সালমাদের ঘরে প্রবেশ করেছে। বাড়িতে থাকলে সাদা-কালো ছোট্ট টেলিভিশনে সব সময় খেলা দেখেন সালমা খাতুন। টেলিভিশনের অভাবে গতবার বিশ্বকাপের খেলাই সেভাবে দেখা হয়নি যাঁর, সেই সালমা এবার বিশ্বকাপের সব ম্যাচ দেখতে চান মাঠে বসে। এবার যে বাড়ির উঠোনেই বসছে বিশ্বকাপ মহাযজ্ঞ!‘কী যে বলেন, দেশের মাটিতে বিশ্বকাপ হচ্ছে আর আমি দেখব না? আমি শুধু খেলা দেখতেই যাব না। উপভোগও করব। অনেক মজা করব। সাকিব-তামিমদের মাঠে বসে সমর্থন দেব’—হাসতে হাসতে বলছিলেন সালমা।শুধু সালমাই নন, এবার শুকতারা, রোজিনা, পাপিয়া, পান্নাসহ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সব খেলোয়াড়ই একসঙ্গে মাঠে বসে খেলা দেখবেন। এরই মধ্যে নিজেরা একটা ছোটখাটো ‘মিটিং’ও করে ফেলেছেন। ভারতকে হারালে কী হবে, কোয়ার্টার ফাইনালে উঠলে কেমন আনন্দ করবেন—এমন অনেক পরিকল্পনার ফর্দ মাথায় বনবন করছে। সবাই উত্তেজনায় কাঁপছেন। দিন গুনছেন ঘরের মাঠে বিশ্বকাপ দর্শনের। অনুশীলনে, আড্ডায়, যাপিত জীবনজুড়ে রয়েছে বিশ্বকাপ আর বিশ্বকাপ।সালমার প্রিয় ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ এবার পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাননি। সে জন্য বেশ মন খারাপ সালমার। পাকিস্তানের কোনো ম্যাচই বাংলাদেশে হবে না জেনেও দুঃখ পেয়েছেন। ছেলেদের বিশ্বকাপ নিয়ে এত মাতামাতি, অথচ ছেলেদের বিশ্বকাপের দুই বছর আগে শুরু হয়েছিল মেয়েদের বিশ্বকাপ। এসব খবর সালমার নখদর্পণে। গড়গড় করে বলে দিলেন অলরাউন্ডার সালমা, ‘১৯৭৩ সালে প্রথম মেয়েদের বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে।’ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড—কথার ফাঁকে জানালেন এই তথ্যও। তবে ছেলেদের মতো সেভাবে মেয়েদের বিশ্বকাপ জাঁকজমকভাবে হয় না বলে একটু আক্ষেপ ঝরল তাঁর কণ্ঠে, ‘আমি মনে করি, মেয়েদের বিশ্বকাপও এমন জাঁকজমক করতে পারত আইসিসি।’এবার কারা চ্যাম্পিয়ন হতে পারে, সেটা নিয়ে সালমা এবং তাঁর সতীর্থদের মধ্যে রীতিমতো ‘ঝগড়া’ আর বাজি লেগে গেছে। শুকতারার ফেবারিট ভারত, পান্নার পাকিস্তান। কেউ আবার ইংল্যান্ডের হাতে তুলে দিচ্ছেন বিশ্বকাপের ট্রফি। আর বাংলাদেশকে রাখছেন হূদয়ে। ‘আমাদের হূদয়জুড়েই আছে বাংলাদেশ’—বললেন সালমা। বাংলাদেশকে নিয়ে তাঁর প্রত্যাশা অনেক উঁচুতে, ‘আমার তো মনে হয়, সাকিবরা কোয়ার্টার ফাইনাল খেলবে। আমাদের তামিম, আশরাফুল, সাকিবকে মোটেই ফেলনা ভাববেন না। ওরা এখন বিশ্বমানের ক্রিকেটার।’প্রত্যাশার চাপে যেন সাকিবদের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে না যায়। এই ব্যাপারটাও বেশ ভাবায় সালমাকে, ‘আমরা যারা মাঠে খেলি, তারা সবটুকু উজাড় করে খেলি। কিন্তু হেরে গেলেই বুঝে না বুঝে আমাদের সমালোচনা শুরু করে সমর্থকেরা। আমি চাইব সাকিব-তামিমরা নিজেদের খেলাটা খেলবে। সমালোচনায় যেন ভেঙে না পড়ে।’এশিয়ান গেমসে বাংলাদেশের ৩২ বছরের অপেক্ষা ঘুচিয়েছে ক্রিকেট। ক্রিকেটের হাত ধরেই গেমস ইতিহাসে প্রথম সোনা জিতেছে বাংলাদেশ। সালমার নেতৃত্বে মেয়েরাও সোনা জিতবে—এমন প্রত্যাশা ছিল গত নভেম্বরে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। কিন্তু বাংলাদেশের মেয়েরা জিতেছে রুপা। তাই বলে রুপাও কম নয়। এশিয়া কাপের সীমানা ছেড়ে সালমাদের চোখ এখন মেয়েদের বিশ্বকাপে, ‘একদিন বাংলাদেশের মেয়েরাও খেলবে বিশ্বকাপ। যদিও এখনো আমরা বিশ্বকাপের কোয়ালিফাই করতে পারিনি। তবে আশা করি, একদিন আমরা বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলব’—আশাবাদ ঝরে সালমার কণ্ঠে।মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে যেতে পারবেন কি না, সময়ই বলবে। তবে ছেলেরা সেই দিন পেরিয়ে এসেছেন অনেক আগেই। এখন সময় শুধু সাকিবদের হূদয় নিংড়ানো ভালোবাসা জানানোর। সালমা সেই ভালোবাসাই জানাচ্ছেন নীরবে।