সালাউদ্দিন কাদের চৌধুরীর আবেদনের শুনানি ২৯ নভেম্বর
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) পক্ষে মামলার কার্যক্রম স্থগিত করার আবেদনের শুনানি ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।আজ সকাল ১০টার দিকে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে তিনি প্রায় ১৫ মিনিট বক্তব্য দেন।পরে ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করতে চাইলে সাকা চৌধুরীর পক্ষের আইনজীবী ফখরুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রফিকুল ইসলাম মিয়া, জয়নাল আবেদিন এবং জমির উদ্দিন সরকার শুনানিতে অংশ নেবেন।ট্রাইব্যুনাল তাঁদেরকে আনার কথা বললে, ফখরুল ইসলাম এজলাস কক্ষের বাইরে যান। এ সময় ট্রাইব্যুনাল পাঁচ মিনিটের জন্য বিরতি দেন।কিন্তু পাঁচ মিনিট পরে কার্যক্রম আবার শুরু হলে সাকা চৌধুরীর পক্ষের ওই তিন আইনজীবী না আসায় ট্রাইব্যুনাল আদেশ দেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার কার্যক্রম স্থগিতের বিষয়ে করা আবেদনটির শুনানি ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।একই সঙ্গে সাকার পক্ষে ১০ জন আইনজীবী এবং তাঁর পরিবারের সদস্যদের মধ্যে যাঁরা শুনানিতে থাকবেন, তাঁদের তালিকাও জমা দিতে বলেছেন ট্রাইব্যুনাল।