সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ নির্দেশ দেন। একই সঙ্গে সাকা চৌধুরীকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে সাকা চৌধুরীকে আটক বা গ্রেপ্তার রাখার নির্দেশনা চেয়ে তদন্ত সংস্থার পক্ষ থেকে আইনজীবীদের (প্রসিকিউটর) মাধ্যমে ট্রাইব্যুনালে গত ১৫ ডিসেম্বর আবেদন করা হয়। ওই দিন ট্রাইব্যুনাল ১৯ ডিসেম্বর (গতকাল) শুনানির দিন ধার্য করেন। রাজধানীর মগবাজারে ২৬ জুন গাড়িতে অগ্নিসংযোগ ও আগুনে ফারুকের মৃত্যুর ঘটনায় করা মামলায় ১৬ ডিসেম্বর ভোররাতে বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। এ অবস্থায় গতকাল সংশোধিত আবেদনে আইনজীবী প্যানেল তাঁর বিরুদ্ধে প্রডাকশন ওয়ারেন্ট (ট্রাইব্যুনালে হাজির করার জন্য) জারির আবেদন করে।শুনানি: গতকাল বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু শুনানিতে অংশ নিয়ে ট্রাইব্যুনালকে অন্য মামলায় সাকা চৌধুরীর গ্রেপ্তারের বিষয়টি জানান। সংশোধিত আবেদনে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ব্যতীত অন্য কোনো মামলায় কেউ গ্রেপ্তার থাকলে ৯(৪) বিধি অনুযায়ী ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে প্রডাকশন ওয়ারেন্ট জারি করতে পারেন এবং আটক রাখার আদেশ দিতে পারেন। সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার রাখা প্রয়োজন। একপর্যায়ে ট্রাইব্যুনাল মূল বিষয়বস্তুর ওপর বক্তব্য দিতে বলেন।এরপর গোলাম আরিফ বাঙালিদের ওপর পাকিস্তানি শাসকদের জুলুম-নির্যাতনের বর্ণনা শুরু করলে ট্রাইব্যুনাল আবেদনের ১৬ নম্বর প্যারা উত্থাপন করতে বলেন। গোলাম আরিফ বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ট্রাইব্যুনাল আইনের ৩(২) ধারায় বর্ণিত অপরাধ করেছেন। তিনি বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিয়ে সাক্ষীদের বিভ্রান্ত করছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও প্রডাকশন ওয়ারেন্ট জারি করা হোক। এ সময় ট্রাইব্যুনাল বলেন, তিনি গণমাধ্যমে কী বলেছেন বা কাউকে থ্রেট করেছেন—এমন তথ্য-প্রমাণ কি আছে? জবাবে গোলাম আরিফ বলেন, তদন্ত সংস্থার রেকর্ডে আছে। এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, তিনি পুলিশ কাস্টডিতে নেই, জুডিশিয়াল কাস্টডিতে আছেন। প্রডাকশন ওয়ারেন্ট কোথায় যাবে? জবাবে প্রধান কৌঁসুলি বলেন, জুডিশিয়াল কাস্টডিতে থাকলে তা পুলিশ কমিশনার বরাবর যাবে।এরপর সাকা চৌধুরীর পক্ষে তাঁর আইনজীবী ফখরুল ইসলাম কিছু বলতে চাইলে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনার কোনো আবেদন থাকলে রেজিস্ট্রারের মাধ্যমে দাখিল করবেন। পরবর্তীতে আপনাকে বিস্তারিত শুনানির সুযোগ দেওয়া হবে।’ এ সময় সাকা চৌধুরীর পক্ষে তৈমুর আলম খন্দকার, কাজী মো. জয়নুল আবেদীনসহ কয়েকজন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, জেয়াদ আল মালুম, আলতাফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মেরি ক্লাম, বর্তমান বিচারপতি পল কগলান এবং আইনজীবী ডেন গোরম্যান উপস্থিত থেকে শুনানি পর্যবেক্ষণ করেন। সকাল ১০টার দিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান তাঁদের ট্রাইব্যুনাল পরিদর্শনে নিয়ে আসেন।আদেশের পর: ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। এটি বাস্তবায়ন করবেন মহানগর পুলিশ কমিশনার। যদি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না করা যায়, তাহলে প্রতিবেদন দাখিল করতে হবে।গোলাম আরিফ প্রথম আলোকে বলেন, সাকা চৌধুরী অন্য মামলায় গ্রেপ্তার আছেন। গতকাল জারি করা পরোয়ানা বহাল থাকবে। তিনি যদি মুক্তি পান, তাহলে সঙ্গে সঙ্গে গতকাল জারি করা পরোয়ানা কার্যকর হবে। পরবর্তী ধার্য তারিখে এ বিষয়ে ট্রাইব্যুনালে প্রতিবেদন দেওয়া হবে।সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম বলেন, গতকাল একটি আবেদন রেজিস্ট্রারের কাছে দেওয়া হয়েছে। এতে ১৫ ডিসেম্বর প্রসিকিউশন যে দরখাস্ত করেছে, তা খারিজের আরজি জানানো হয়েছে।সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ: শুনানিতে প্রধান আইনজীবী গোলাম আরিফ বলেন, ঘটনার ধারাবাহিকতায় প্রাথমিক তদন্তে দেখা যায়, স্বাধীনতাযুদ্ধ চলাকালে অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী, পিতা ফজলুল কাদের চৌধুরী ওরফে ফকা চৌধুরী, গ্রাম গহিরা, থানা-রাউজান, জেলা চট্টগ্রাম, গুডস হিল, থানা-কোতোয়ালি, সিএমপি, চট্টগ্রাম অন্যান্য সহযোগী অপরাধসহ বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩(২) ধারার অপরাধ ব্যাপকভাবে সংঘটিত করেন। ফজলুল কাদের চৌধুরী কনভেনশন মুসলিম লীগের প্রধান হওয়ায় দলগতভাবেই বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকালে ও পূর্বাপর রাজনৈতিকভাবে বর্বর পাকিস্তান সরকারের রাজনৈতিক দোসর ছিলেন। স্বাধীনতাযুদ্ধকালে অপরাপর সহযোগীদের যোগসাজশে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বাহিনী আলশামস, আলবদর, রাজাকার, শান্তি কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা নিধন, নিরীহ-নিরস্ত্র বাঙালিদের নির্যাতন করার জন্য নিজস্ব গুডস হিল নামের বাড়িতে স্ব-উদ্যোগে নির্যাতনকেন্দ্র গঠন করা হয়। ওই নির্যাতনকেন্দ্রে নিজস্ব তত্ত্বাবধানে ও নিজ পুত্র সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আলশামস, আলবদর, রাজাকার ও পাকিস্তানি বাহিনীর সহায়তায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধে সহায়তাকারী নিরীহ হিন্দু-মুসলমানদের ধরে এনে অমানবিক নির্যাতন চালান এবং তাঁদের অনেককে হত্যা করেন, যাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধাদের আশ্রয়দানকারী কেন্দ্র হিসেবে ব্যবহূত ঘরবাড়িসহ এলাকার নিরীহ মানুষের ঘরবাড়ি লুণ্ঠন করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।শুনানিতে আরও বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানের গহিরা গ্রামে সমাজসেবক ও কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতনচন্দ্র সিংহের বাড়িতে বর্বর পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ১৩ এপ্রিল অভিযান চালায়। এ সময় সাকা চৌধুরী নিজে মন্দিরে প্রার্থনারত নূতনচন্দ্র সিংহকে টেনেহিঁচড়ে বাড়ির উঠানে এনে পাকিস্তানি বাহিনীর সদস্যদের কাছ থেকে একটি অস্ত্র নিয়ে তাঁকে গুলি করলে তিনি মারা যান বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। একই দিন সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে হিন্দুসম্প্রদায়কে নিশ্চিহ্ন করার অংশ হিসেবে পাকিস্তানি সেনারা হিন্দু-অধ্যুষিত জগৎমল্লপাড়া গ্রামে ৩৫ জন হিন্দু নর-নারীকে বাড়ি থেকে ধরে এনে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে।আরও বলা হয়, জগৎমল্লপাড়া গ্রামের গণহত্যা শেষে সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানি সেনাদের নিয়ে ঊনসত্তরপাড়া গ্রামে যান। এর আগে রাজাকার ও শান্তি কমিটির লোকজন হিন্দুদের শান্তি মিটিংয়ের কথা বলে এলাকায় থাকতে বলে। এ জন্য পাড়ার হিন্দু নর-নারীরা বাড়িতে অবস্থান করেন। সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানি সেনাদের নিয়ে বিকেল তিনটা-সাড়ে তিনটার দিকে সেখানে গিয়ে হিন্দু নর-নারীদের ক্ষিতিশ বাবুর পুকুরপাড়ে জড়ো করে ব্রাশফায়ার করে। এতে ৬৯ জন হিন্দু নর-নারী মারা যান। এ মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের আবেদনে আরও বলা হয়, ওই ঘটনায় কয়েকজন বেঁচে যান।...এই সব বধ্যভূমিতে শহীদদের স্মরণে পরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়, যা আজও জঘন্য ও বর্বরতম গণহত্যার সাক্ষ্য বহন করছে। অনেকেই সে সময় গুলিবিদ্ধ হয়েও কোনো রকমে প্রাণে বেঁচে যান। তাঁরা আজও সেদিনের গুলির ক্ষতচিহ্ন শরীরে বয়ে বেড়াচ্ছেন এবং স্বজনহারাদের বিচারের প্রত্যাশায় দিন গুনছেন। আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩(৩) ধারার অপরাধে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁর বিরুদ্ধে দেশে-বিদেশে আরও পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে, তা সংগ্রহের পর্যায়ে আছে।আবেদনে আরও বলা হয়, সাকা চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী এবং তাঁদের সহযোগীরা সারা দেশের স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী, গণহত্যাকারী, অগ্নিসংযোগকারী, লুণ্ঠনকারী, ধর্ষণকারীদের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত হয়ে চট্টগ্রাম অঞ্চলে স্বাধীনতাযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে মানবতাবিরোধী সব ধরনের অপরাধ ঘটান।