সালাউদ্দিন কাদেরকে এখনই গ্রেপ্তার করা উচিত: সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করার ব্যাপারে সেনাবাহিনীকে জড়িয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, সে জন্য তাঁকে এখনই গ্রেপ্তার করা উচিত। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন বলে জানান। আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সাজেদা চৌধুরী বলেন, খালেদা জিয়া সেনানিবাসের বাড়িতে রাজপ্রাসাদের সুযোগসুবিধা ভোগ করছেন। তাই তাঁর বাড়িটি ছাড়ার ইচ্ছে নেই। তবে এ ব্যাপারে তাঁকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে।আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খালেদা জিয়া বেআইনিভাবে সেনানিবাসের বাড়িতে বাস করছেন। এ নিয়ে এখন আপস বা সমঝোতার সুযোগ নেই। কারণ এটি সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের ঝগড়ার ব্যাপার নয়। বাড়িটি এখন আদালতের ব্যাপার। তিনি আরও বলেন, যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত, সেখানে কেউ আইন অমান্য করতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হাইকোর্টের আদেশ মেনে বাড়ি না ছাড়লে বিরোধী দলের নেতা দেশে থাকতে পারবেন না।আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী গতকাল বলেছেন, ক্যান্টনমেন্ট বোর্ড একজন সেনাপ্রধানের বিধবা স্ত্রীকে (খালেদা জিয়া) বাড়িটি বরাদ্দ দেয়। এখন সেনাবাহিনী বাড়িটি ছেড়ে দেওয়া বা না-দেওয়ার বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।গত ১৩ অক্টোবর হাইকোর্ট সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে তাঁকে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।