সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের খবর ছিল গুজব: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ গতকাল মঙ্গলবার রাতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য তাঁর চট্টগ্রামের বাড়িতে যায়নি। এ সময় পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে, তা একেবারে ভিত্তিহীন। প্রসঙ্গত, গতকাল রাতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের জন্য সাদা পোশাকে পুলিশ তাঁর বাড়ির সামনে অবস্থান নিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। সাকা চৌধুরী নিজেও অনেক গণমাধ্যমকে জানান, পুলিশ তাঁর বাড়ির সামনে অবস্থান নিয়েছে। এই খবর পেয়ে বিএনপির শতাধিক কর্মী সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি ‘গুডস হিল’-এর সামনে জড়ো হন। তাঁরা সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। ইউএনবি।