সালাউদ্দিনের আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন। ৬ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।আদেশে বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে করা এক আবেদনে ফখরুল ইসলাম প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান ও সদস্যদের কারও যোগাযোগ রয়েছে কি না, তা জানতে চান। এর পরিপ্রেক্ষিতে আদেশে আরও বলা হয়, যেকোনো ব্যক্তি বিচারকের ব্যক্তিগত বিষয়ে জানতে চাওয়ার অধিকার রাখেন না। এ জন্য এ ধরনের আবেদন কেন আদালতের জন্য অবমাননাকর হবে না, তা তিন সপ্তাহের মধ্যে ব্যাখ্যা করে জবাব দিতে বলা হয়েছে।