কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির দুই বছর পূর্তি হচ্ছে ৩০ এপ্রিল। সাবেক খেলোয়াড়ে ঠাসা এ কমিটি অর্ধেক পথ পেরিয়ে কতটা কী করতে পারল? মাসুদ আলম খুঁজেছেন এর উত্তর
সালাউদ্দিনের ২ বছর
কী কথা ছিলবাফুফের সভাপতির দায়িত্ব নিয়ে কাজী সালাউদ্দিন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য—১০ মাস মাঠে ফুটবল থাকবে। খেলার জন্য আর আন্দোলন নয়, উল্টো ফুটবলাররা খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবেন! জেলা ফুটবল সংস্থাগুলোকে সক্রিয় করে সারা দেশে ফুটবলচর্চা শুরু করা হবে। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে দীর্ঘ মেয়াদে ও সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ ছিল অগ্রাধিকার তালিকায়। আর ছিল বাফুফেকে পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা।কী হয়েছেফুটবল মাঠে আছে, তবে তা পেশাদার লিগ। যদি পেশাদার লিগকেই ‘ফুটবল’ বলা হয়, তাহলে সালাউদ্দিন তাঁর কথা রেখেছেন। কোটি টাকার জমজমাট সুপার কাপ করেছেন, যেটি দেশের ফুটবলে প্রথম। সারা দেশে ক্লাব কাপ টুর্নামেন্ট হয়েছে গত বছর। মহিলা ফুটবল, স্কুল ফুটবলসহ আরও কিছু আয়োজন ছিল।এএফসি চ্যালেঞ্জ কাপ, সাফ ফুটবল, এসএ গেমস ফুটবল—আন্তর্জাতিক খেলা ছিল এই দুই বছরে। তবে নিজেরা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট করেনি। তা না করুক, এসএ গেমসে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, যা এই কমিটির সাফল্যই। তিন বছরে সাড়ে ১৬ কোটি টাকার স্পনসর হিসেবে শুরুতেই সালাউদ্দিন নিয়ে এসেছেন সিটিসেলকে। এটিও বলার মতো সাফল্য।কী হয়নিঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পাইওনিয়ার লিগ এই দুই বছরেও বাক্সবন্দী। জেলায় জেলায় ফুটবল লিগ হচ্ছে না। তৃণমূল ফুটবল না হলে খেলোয়াড় আসবে কীভাবে? আসছেও না। পাইপলাইনে ধরেছে আরও মরচে।যুব ফুটবলের উন্নয়নে দীর্ঘ মেয়াদের পরিকল্পনা খুঁজে পাওয়া কঠিন? কিছু প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে, যা আগেও ছিল। কার্যকর নতুন কিছু হলো না। কিছু পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে ধীরগতি। তৃণমূল ফুটবলের উন্নয়নই যদি দেশের ফুটবল এগিয়ে যাওয়ার চাবিকাঠি হয়, তাহলে এই জায়গাটায় বেশ পিছিয়েই আছে বাফুফের বর্তমান কমিটি। এরপর যা বলেছেন সালাউদ্দিনসিলেট বিকেএসপিকে একাডেমিতে রূপ দেওয়ার পরিকল্পনা আছে তাঁর। এক-দেড় শ কিশোরকে নিয়ে শুরু হবে একাডেমির যাত্রা। স্কুল ফুটবলের গোটা ত্রিশেক ছেলেকে সব দায়িত্ব নিয়ে বৃত্তি দেওয়া হবে। ঢাকার জুনিয়র ডিভিশনগুলোকে অভিন্ন ফরম্যাটে এনে বদলে দেওয়া হবে এর খোলনলচে। ১০ কোটি টাকা খরচ করে সারা দেশে স্কুল টুর্নামেন্ট করবেন।এগুলোর কোনোটি এখনো আলোয় আসেনি। প্রধানমন্ত্রী চার মাস আগে আশ্বাস দিয়েছেন, একাডেমি করতে পূর্ণাঙ্গ সিলেট বিকেএসপি দেওয়া হবে বাফুফেকে। এটির ফলোআপ দেখা যাচ্ছে না। কিশোরদের সব দায়িত্ব নেওয়া দূরের কথা, বৃত্তিই দেওয়া যায়নি। ঢাকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পাইওনিয়ার লিগ সমন্বয় করা হয়নি অনেকটা সময় পেরিয়ে গেলেও। সারা দেশে সহসা স্কুল ফুটবলের সেই ‘মেগা ইভেন্ট’ শুরু হওয়ারও কোনো লক্ষণ নেই।কোচরা বসে আছেনএএফসির অনুদানে চাকরি দেওয়া ১৯ জন কোচের ব্যাপারে বাফুফের সক্রিয় মনোযোগ কম। বেশির ভাগ কোচই বসে বসে বেতন নিচ্ছেন। কী আর করবেন! বাফুফে কাজ না দেওয়ায় বসে থাকাই তাঁদের কাজ। কাজের ক্ষেত্র তৈরির ব্যাপারে বাফুফেকে উদ্যোগহীন মনে হচ্ছে।টেকনিক্যাল ডাইরেক্টর কী করছেনটেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাহিদুর রহমান সান্টুর কাজ কী, বোঝা কঠিন। দেশের ফুটবলের উন্নয়নে টেকনিক্যাল ডাইরেক্টরের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার কথা। সান্টুর দাবি, তিনি কিছু পরিকল্পনা দিয়েছেন। আবার বাফুফের অনেকের দাবি, টেকনিক্যাল ডাইরেক্টর কী করছেন, তাঁরা জানেন না। ঘটনা যা-ই হোক, টেকনিক্যাল ডাইরেক্টরকে যেভাবে কাজে লাগানোর কথা, সেভাবে হচ্ছে না। তাঁকে মহিলা ফুটবলের দায়িত্ব দেওয়া হয়েছে। একজন টেকনিক্যাল ডাইরেক্টরের কাজ কি এটা? বাফুফের মনে এই প্রশ্ন জাগেনি, যা বিস্ময়কর।টিমওয়ার্ক নেইসভাপতিই সব ক্ষমতার অধিকারী। তার পরও কাজ করতে টিমওয়ার্ক প্রয়োজন। বাফুফের সভাপতি সেটি গড়তে পারেননি। এটা তাঁর নেতৃত্বের সীমাবদ্ধতা। সালাউদ্দিন বিদেশে থাকলে অন্য কর্তারা পারতপক্ষে আসেন না ফেডারেশনে। কেউ কেউ এলেও সঙ্গে থাকে নির্বাচনী এলাকার লোকজন। চা-নাশতা খেয়ে, গল্পটল্প করে চলে যান। ফুটবলের আলাপ কমই হয়। বাফুফের নির্বাহী কমিটির সভা নিয়মিত হয় না। ২১ জন সদস্যের প্রায় অর্ধেক তিন-চার মাসে একবার ফেডারেশনে আসেন, তা-ও সভা হলে। কাউকে কাউকে সাত-আট মাসেও দেখা যায় না ফেডারেশনে।সালাউদ্দিন আসলে একাএকান্ত ও বিশ্বস্ত দু-একজনকে প্রাধান্য দিলেও সালাউদ্দিনের পাশে কমিটির অনেকেই নেই। কমিটির অনেককেই কাজের সময় পান না সালাউদ্দিন। স্পনসর আনা বা আর্থিক প্রয়োজন সারানোর লোক নেই। সেটির জন্য সালাউদ্দিনই ভরসা।কদিন আগে জেলাগুলোকে দেওয়া ৩০ লাখ টাকা ফেডারেশনকে ধার দিয়েছেন সালাউদ্দিন। তার আগে এক মহিলা কর্মকর্তা ধার দিয়েছেন ৪০ লাখ টাকা। কিন্তু ফেডারেশনের অনেকে বড় বড় কথা বলেন। অনেকে সমালোচনায় মুখর। কাজের বেলায় নেই। কর্মী বাহিনীও সালাউদ্দিনকে সহযোগিতা করতে পারছে বলে মনে হয় না। তাদের অনেকেরই সৃজনশীলতার অভাব।বিবর্ণ পেশাদার লিগআগের দুবারের চেয়ে এবার পেশাদার লিগের চরম দুর্দশা চলছে। আবাহনী-মোহামেডানের ম্যাচেও পাঁচ শ লোক হয় না কিছু দিন ধরে। অথচ সুপার কাপ, সাফ ফুটবল, এসএ গেমসে দর্শক ছিল মাঠে। হঠাৎ করে এবার লিগে দর্শকখরা শুরু হয়েছে, যা ফুটবলের জন্য নতুন অশনি সংকেত। লিগ আকর্ষণীয় করতে কার্যকর ব্যবস্থা ও পরিকল্পনা নেই বাফুফের। পাতানো খেলা হচ্ছে হরদম, তা দেখার মতো কাউকে পাওয়া যায় না। বাফুফের কর্তারা মাঠেই তো যান না! তাঁদের কোনো হেলদোল নেই।বর্ষপঞ্জি কোথায়?গত বছর বর্ষপঞ্জি দেওয়া হয়েছিল, যদিও অর্ধেক পূরণ করা যায়নি। এবার তো বছরের চার মাস যাচ্ছে, বর্ষপঞ্জির খবরই তো নেই এখনো!