সালাম দিলেও জবাব দেন না মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে মন ভালো নেই মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের। তিনি খাবার খাচ্ছেন না, ওষুধ সেবনেও বিরত থাকছেন। কারও কোনো কথার জবাবও দিচ্ছেন না। দেশটির এল ফজর পত্রিকায় প্রকাশিত খবরের বরাত দিয়ে গতকাল সোমবার বার্তা সংস্থা আইএএনএস এ খবর জানিয়েছে।খবরে বলা হয়েছে, কারাগারে মোবারকের মন-মেজাজ এতই খারাপ যে কেউ সালাম দিলে বা কুশল জিজ্ঞাসা করলে তিনি সাড়া দেন না।গত শনিবার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণার পর গত রোববার মোবারককে কায়রোর তোরা কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি সব ধরনের খাবার ও ওষুধ গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছেন।কারাগারে নেওয়ার সময় হেলিকপ্টার থেকে নামতে চাননি মোবারক। আগের মতো বিলাসবহুল সামরিক হাসপাতালে চিকিত্সকের অধীনে রাখার দাবি জানিয়েছিলেন তিনি। তবে কারা কর্তৃপক্ষ তাঁর দাবি নাকচ করেছে।তোরা কারাগারে দণ্ডপ্রাপ্ত সাধারণ কয়েদির মতো মোবারককে নীল রঙের পোশাক ও কয়েদি নম্বর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কয়েদি হিসেবে মোবারকের ছবিও তুলেছেন কারারক্ষীরা।গত বছরের শুরুর দিকে মোবারকের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতার দায়ে গত শনিবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন দেশের একটি আদালত।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৪ বছর বয়সী মোবারকের হূদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা রয়েছে। গত শনিবার রায় ঘোষণার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাঁকে তোরা কারাগারের চিকিত্সা বিভাগে রাখা হয়েছে।১৯৮১ সালে মিসরের ক্ষমতা গ্রহণ করেন মোবারক। আরব-বসন্তের ধারাবাহিকতায় ২০১১ সালের শুরুর দিকে মিসরে মোবারকবিরোধী আন্দোলন শুরু হয়। টানা ১৮ দিনের গণ-আন্দোলনের মুখে গত বছরের ১১ ফেব্রুয়ারি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। ওই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৯০০ জন বিক্ষোভকারী নিহত হন।