সালাহউদ্দিন বাচ্চুর আত্মসমর্পণ, এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিসহ এক নম্বর আসামি সালাউদ্দিন আহমেদ বাচ্চু আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই।অন্য আসামিরা হলেন এজাহারভুক্ত ছয় নম্বর আসামি মনোয়ার হোসেন খান ওরফে মঈন, সাত নম্বর আসামি হিরন মিয়া, ১৩ নম্বর আসামি আমির হোসেন ওরফে আমু ও ১৪ নম্বর আসামি মামুন মিয়া। নরসিংদী জেলা আদালতের মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে তাঁরা আত্মসমর্পণ করেন সালাউদ্দিন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জামিনের আবেদন করেন। পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের পক্ষে আদালতে কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম তাঁদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে সালাউদ্দিন আহমেদ বাচ্চু, হিরন মিয়া ও মামুন মিয়ার এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আর মনোয়ার হোসেন ও আমির হোসেনের রিমান্ড নামঞ্জুর করে জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে প্রয়োজনে জেলগেটে তাঁদের জিজ্ঞসাবাদ করা যাবে। আদালত সূত্রে জানা যায়, সালাউদ্দিন বাচ্চু আত্মসমর্পণের জন্য আজ সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে আসেন। পরে জেলা আইনজীবী সমিতিতে অবস্থান করে পৌনে ১১টার দিকে তাঁর পক্ষের আইনজীবীদের নিয়ে মুখ্য বিচারিক হাকিমের কাঠগড়ায় ওঠেন। আর বাকি চার আসামি সকাল ১০টা থেকেই এজলাসে অবস্থান করেন। উল্লেখ্য, গত ১ নভেম্বর নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত লোকমানের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে সালাউদ্দিন বাচ্চুকে এক নম্বর আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।