সালিসি বৈঠকে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘুরিয়া গ্রামে সালিসি বৈঠকে কথাকাটাকাটির জের ধরে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম মোয়াজ্জেম হোসেন (৩৮)। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।মোয়াজ্জেম হোসেন তাড়াশ উপজেলার ভাদাস হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও দিঘুরিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই নূরুল ইসলামের সঙ্গে ছয় বছর আগে একই গ্রামের আবু সাইদের মেয়ে তারা বানুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য কলহ চলছিল। কিছুদিন আগে নূরুল ইসলাম তাঁর স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। বিষয়টি নিয়ে গতকাল রাত নয়টার দিকে নিহত মোয়াজ্জেমের চাচা শ্বশুরের (শরীফের) বাড়িতে সালিসি বৈঠক বসে। বৈঠকে মোয়াজ্জেম, নূরুল ইসলামসহ চার ভাই এবং তারা বানুর বাবা, ভাই ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিসি বৈঠকে কেন তালাক দেওয়া হলো, এ নিয়ে উভয় পক্ষ তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা বানুর বাবা আবু সাইদের নেতৃত্বে লতিফ, শরিফ, সামাদ, বাবলুসহ কয়েকজন নূরুল ইসলামকে মারধর শুরু করে। এ সময় নূরুলের তিন ভাই তাঁকে রক্ষার জন্য এগিয়ে আসেন। প্রতিপক্ষের লাঠির আঘাতে তাঁরা চার ভাই গুরুতর আহত হন। আহতদের তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোয়াজ্জেম মারা যান। অপর তিনজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই সালাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছে।