হবিগঞ্জের মাধবপুরে দুই শিশুসহ মায়ের আত্মাহুতির ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আদালতকক্ষ থেকে বের হওয়ার পর বিকেলে আদালত অঙ্গন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালিসদারদের গ্রেপ্তারের আদেশ দেন। আদালত ওই ঘটনায় নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন ১৭ অক্টোবরের মধ্যে দাখিল করতে বলেছেন।১৬ আগস্ট ‘অপবাদ-সালিস-অপমান, দুই শিশুসহ মায়ের আত্মাহুতি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে ঘটনার ব্যাখ্যা জানাতে আন্দিউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ২৩ আগস্ট তলব করা হয়।এই নির্দেশনা অনুসারে গতকাল হাইকোর্টে হাজির হন আন্দিউরা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, ফজলুর রহমান চৌধুরী, আবদুর রহিম, ফারুক মিয়া, ওই ইউনিয়নের সদস্য তপন দেব, সালিসে উপস্থিত মলাই মিয়া, আবদুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী ও মহব্বত খান। শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। শুনানিতে আদালত মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন চৌধুরী কাছে ওই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চান। ওসি বলেন, ঘটনার পর একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আদালত বলেন, কেন আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা না করে অপমৃত্যুর মামলা হলো? ওসি বলেন, ১৬ আগস্ট অপমৃত্যুর মামলা হয়েছে। ওসি জানান, সালিসকারীদের মধ্যে পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে যাঁরা হাজির হয়েছেন, তাঁরাও এজাহারভুক্ত আসামি। পালিয়ে থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে বেলা সাড়ে তিনটার দিকে এজলাসকক্ষ থেকে বের হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে মামলার বাদী পুলিশের উপপরিদর্শক ইয়াছিনুল হক, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আদালত থেকে বেরিয়ে পৌনে চারটার দিকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রসঙ্গত, ১৫ আগস্ট ভোরে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল এক্সপ্রেস হবিগঞ্জের শাহপুর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ফেরদৌসী আক্তার তাঁর চার শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে এক সালিসে তাঁকে কান ধরে ওঠবস করান গ্রামের মাতব্বরেরা। এই অপমান সইতে না পেরে চার শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই গৃহবধূ। ঘটনাস্থলেই ফেরদৌসী ও তাঁর মেয়ে বন্যা মারা যায়। গুরুতর অবস্থায় বাকি তিনজনকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় আরেক সন্তান সরল। অবস্থার অবনতি ঘটায় জীবন ও স্বর্ণাকে মাধবপুর হাসপাতাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ফেরদৌসী আক্তারের বাড়ি উপজেলার আন্দিউরা ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তাঁর স্বামী জিল্লুর রহমান আড়াই বছর আগে দুবাই যান।