সালিসে গিয়ে প্রাণ হারালেন ব্যবসায়ী
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নয়াকান্দি গ্রামে একটি সালিসে গিয়ে প্রাণ হারালেন কালা মিয়া সরকার (৫৮) নামের এক ব্যবসায়ী। সালিসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হন। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।কালা মিয়া সরকার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনার বিচার করতে আজ নয়াকান্দি গ্রামের খালেক সরকারের উঠানে সালিস বসে। সালিসে রায় হওয়ার পর দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে কালা মিয়া নিহত হন।ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সদস্য রতন মিয়া বলেন, গত সোমবার নয়াকান্দি মাঠে এলাকার কিছু ছেলে ফুটবল খেলার আয়োজন করেন।এ সময় মাঠের পাশে কালা মিয়ার পাটের জমিতে বারবার বল যাওয়ার কারণে কালা মিয়া খেলোয়ারদের বাধা দেন। এতে খেলোয়াড়দের সঙ্গে কালা মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে। এ বিবাদটি মিটমাট করানোর জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আজ সালিসে বসেন। সালিসের রায় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে লাঠির আঘাতে ঘটনাস্থলেই কালা মিয়া সরকার নিহত হন।এ ব্যাপারে দাউদকন্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।