সালিসে বিধবাকে জুতাপেটা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রাম্য সালিসে এক বিধবাকে ৫০ বার জুতাপেটা ও তাঁর পা ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই নারীর কথিত প্রেমিক জসিম উদ্দিনকে ১০০ বার জুতাপেটা করা হয়।গত ৩০ মে ও গতকাল শনিবার দুই দফায় সালিস করে এ নির্যাতন চালানো হয়। পুলিশ ৩৫ বছর বয়সী ওই বিধবাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।এ ঘটনায় নির্যাতিত ওই নারী কটিয়াদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়। পুলিশ এ ঘটনায় গ্রামের প্রভাবশালী চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ফজলুল হক (৪৮), আ. কাদির (৫০), আ. করিম (৫০) ও আ. মান্নান (৪৮)। স্থানীয় সূত্র জানায়, উপজেলার লোহাজুরী ইউনিয়নের কাজীরমোড় এলাকায় ওই বিধবার সঙ্গে চা-দোকানদার জসিম উদ্দিনের (৩০) অবৈধ সম্পর্ক রয়েছে এমন অভিযোগে গত ৩০ মে সালিস ডাকা হয়। সেখানে গ্রামের আবদুল কাদির, কাঞ্চন মিয়া ও মোস্তফা মিয়া লাঠি দিয়ে পিটিয়ে ওই নারীর পা ভেঙে দেন। নির্যাতনকারীরা তাঁকে বাড়িতে অবরুদ্ধ করে রাখেন এবং সমাজচ্যুত করে একঘরে করা হয়। তবে ওই দিন জসিম উদ্দিন পালিয়ে যান।গতকাল শনিবার সকালে জসিম উদ্দিন ও আহত ওই নারীকে আবারও সালিসের মুখোমুখি করা হয়।ওই সালিসে লোহাজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আলম মিয়া, ফজলুল হক, আ. কাদির, আ. করিম, আ. মান্নান, গিয়াসউদ্দিনসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সাতজনকে দিয়ে জুরি বোর্ড গঠন করা হয়। ওই জুরি বোর্ডে থাকা সাতজন হলেন গিয়াস উদ্দিন মাস্টার, আলম মেম্বার, খালেক মেম্বার, নজরুল মেম্বার, নবী নেওয়াজ, আবুল কাশেম, মাইন উদ্দিন মাস্টার । আলম মেম্বার বলেন, ‘জুরি বোর্ডের সাতজনের মধ্যে ছয়জনই জসিম উদ্দিনকে ১০০ ও ফিরোজা খাতুনকে ৫০ বার জুতাপেটার নির্দেশ দেন এবং তা কার্যকর করা হয়। কিন্তু আমি ওই রায়ের বিরোধিতা করি।’কটিয়াদী হাসপাতালে চিকিত্সাধীন চার সন্তানের ওই মা প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার স্বামীর আত্মীয়স্বজনেরা একটি মিথ্যা অজুহাত তুলে আমার ওপর নির্যাতন করে। তারা আমাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি এই নির্যাতনের বিচার চাই।’লোহাজুরী ইউপি চেয়ারম্যান হায়দার মারুয়া বলেন, ‘ফতোয়ার বিষয়ে সব মেম্বারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনাটি আমার অজান্তে হয়েছে।’ আটক ফজলুল হক বলেন, ‘আমি ঘটনার সঙ্গে জড়িত নই। ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।’ কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নির্যাতিত ওই নারীকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সন্ধ্যায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।