সালিসের নামে নারীদের বিরুদ্ধে ফতোয়া চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায় থাকার পরও গ্রামাঞ্চলে সালিসের নামে নারীর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার ঘটনা ঘটেই চলেছে। বেশির ভাগ ক্ষেত্রে সালিসে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ফতোয়া কার্যকরও করছেন তাঁরা।বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্যমতে, গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সালিসের মাধ্যমে ফতোয়া দেওয়ার ঘটনা ঘটেছে ৩৩টি।আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফতোয়ার ঘটনা ঘটেছে ১৭টি। ২০০০ সাল থেকে গত জুন পর্যন্ত মোট ঘটনা ঘটেছে ৩২৪টি। কিন্তু এ পর্যন্ত মাত্র ৭৭টি ঘটনায় মামলা হয়েছে।গত মে মাসে আপিল বিভাগ রায় দিয়েছেন, ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া যাবে। তবে এর মাধ্যমে শারীরিক ও মানসিক কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না। রায় অনুযায়ী, ধর্মীয় বিষয়ে শুধু যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ফতোয়া দিতে পারবেন। রাষ্ট্রের প্রচলিত আইনে ব্যক্তির সাংবিধানিক অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন করে, এমন কোনো ধরনের ফতোয়া দেওয়া যাবে না।এর আগে ২০০১ সালের ১ জানুয়ারি ফতোয়া অবৈধ ও আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে করা আপিল আংশিক মঞ্জুর করে কয়েক দফা পর্যবেক্ষণ দিয়ে বর্তমানের রায় দেওয়া হয়।মানবাধিকারকর্মী হামিদা হোসেন প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালতের দেওয়া রায়ের পরও নারীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া বন্ধ হয়নি। গ্রামের শত শত লোকের সামনে নারীদের পেটানো হচ্ছে, কেউ কিছু বলছে না, বসে বসে দেখছে—বিষয়টি ভাবলে অবাক লাগে। আর এসব ঘটাচ্ছেন স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিরাই।’হামিদা হোসেন বলেন, স্থানীয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ আদালতের রায়টি প্রচারের দায়িত্ব থাকলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো কোনো ভূমিকা পালন করা হয়নি।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, ‘সালিসের নামে বর্তমানে নারীর বিরুদ্ধে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তবে নারী যদি অভিমানে আত্মহত্যা করে, তাহলে লাভ হবে না। নারীকে এ ক্ষেত্রে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে।’জনপ্রতিনিধিরা নেতৃত্বে: সালিসের অপমান সইতে না পেরে সম্প্রতি চার শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন হবিগঞ্জের ফেরদৌসী আক্তার। এতে দুই শিশুসন্তানসহ মারা গেছেন তিনি। অন্য দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। অবৈধ সম্পর্কের অভিযোগ এনে সালিসে সমাজচ্যুত করে ফেরদৌসীকে কান ধরে ওঠবস করিয়েছিলেন গ্রাম্য মাতব্বরেরা। এই অপমান সইতে না পেরেই তিনি সন্তানসহ আত্মহননের পথে যান। সালিসের সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ শাস্তি কার্যকর করেন। সালিসে উপস্থিত ছিলেন কয়েকজন বর্তমান ও সাবেক ইউপি সদস্য।সম্প্রতি মাদারীপুর সদর উপজেলায় গ্রাম্য সালিসে অপমানিত হয়ে ক্ষোভে-দুঃখে আত্মহত্যা করেছে শিরিন আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী। প্রতিবেশী শাহ আলম হাওলাদারের গাছের পাতা শিরিনের ছাগলে খেলে শিরিনকে লাঠি দিয়ে আঘাত করেন শাহ আলম। মাতব্বররা সালিসে উল্টো শিরিনকেই দোষী সাব্যস্ত করেন এবং তাকে শাহ আলমের পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। সালিসে নেতৃত্ব দেন দুধখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মহসিন বেপারী।এ ছাড়া এ বছর ফতোয়ার নামে নারী নির্যাতনের বড় ঘটনার মধ্যে রয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলায় দুই নারীকে প্রকাশ্যে লাঠিপেটা করা, জুন মাসে মাদারীপুরের শিবচরে বাবাকে দিয়ে স্কুলপড়ুয়া মেয়েকে দোররা মারা, জানুয়ারিতে শরীয়তপুরের নড়িয়ার ধর্ষিতা কিশোরী হেনা আক্তারের দোররায় আহত হয়ে মৃত্যু প্রভৃতি।বদরগঞ্জের ঘটনায় সালিসে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডল। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, মাদ্রাসাশিক্ষকসহ সমাজের মাতব্বররা। নড়িয়ার হেনা আক্তারের ধর্ষণের ঘটনায় সালিস বসেছিল চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন সদস্য ইদ্রিস শেখের নেতৃত্বে। সালিসকারীরা হেনা ও ধর্ষক চাচাতো ভাই মাহাবুব উভয়কে দোররা মারার ফতোয়া দেন। দোররার আঘাতে আহত হেনা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।জুন মাসে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের বিশাই হাওলাদারের কান্দিগ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে এক বখাটে। ওই ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান সরকার সালিস করে ছাত্রীটিকে ৫০টি দোররা মারার শাস্তি দেন। মেয়েটির বাবা এ বিচার না মেনে প্রতিবাদ করলে চেয়ারম্যান তাঁকেও পেটানোর হুকুম দেন। নিরুপায় হয়ে বাবা নিজে মেয়েকে দোররা মারেন।মামলাগুলোর অবস্থা: দোররা আঘাতে মৃত হেনা আক্তারের মামলায় জুলাই মাসে ১৩ আসামির নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নতুন আসামি হিসেবে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে হেনার নিকটাত্মীয় ও ঘটনার পর তার পরিবারকে সহযোগিতা করা তিনজনকে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন হেনার বাবা ও মা।প্রথম আলোর বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি আলতাফ হোসেন জানিয়েছেন, মামলা তুলে নিতে হুমকি দেওয়ায় নির্যাতিত দুই গৃহবধূ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ মামলায় মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাহেদ আলী, মৌলভী সেকেন্দার আলীসহ ১১ আসামি রংপুর জেলহাজতে আটক রয়েছেন।মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জামাল মো. আবু নাছের জানিয়েছেন, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যাকারী ফেরদৌসী আক্তারের ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচ মাতব্বরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। দুবাই থেকে ফিরে আসা ফেরদৌসীর স্বামী জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গ্রামের মাতব্বররা বারবার আমাকে হুমকি দিচ্ছেন। গ্রামে তাঁরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। পুলিশ গেলে লুকিয়ে থাকেন।’মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আসামি এলাকায় ঘোরাফেরা করছে—এ অভিযোগ সত্য নয়।’শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ জানিয়েছেন, কিশোরী হেনা আক্তারের পরিবারের আতঙ্ক এখনো কাটেনি। হেনা হত্যা ও ধর্ষণ মামলার ১০ জন আসামি বর্তমানে শরীয়তপুর জেলা কারাগারে রয়েছে। উচ্চ আদালতের নির্দেশে হেনার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য নড়িয়া থানা আটজন পুলিশ মোতায়েন করেছে।চাই আইনের প্রয়োগ: বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ফাহিমা নাসরিন প্রথম আলোকে বলেন, ‘ফতোয়ার ঘটনায় পুলিশ বিচ্ছিন্নভাবে দু-একজনকে গ্রেপ্তার করছে। পরে তারা আবার ছাড়াও পেয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনায় কেউ সাজা পেয়েছে, তার উদাহরণ আমাদের কাছে নেই।’ উচ্চ আদালতের রায় থাকার পরও এ ধরনের ফতোয়া কারা দিচ্ছে, সে বিষয়টি দেখার জন্য সরকারের উচ্চপর্যায়ে একটি কমিটি গঠনের তাগিদ দেন তিনি।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এখনো নেতিবাচক। জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে জেন্ডার সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। অন্যদিকে প্রতিটি ঘটনায় সরকারের কঠোর নজরদারি থাকতে হবে। এ ধরনের ঘটনা চলতে থাকার কারণ চিহ্নিত করতে হবে।অন্যদিকে আইন সংশোধনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের পরিচালক (আইন) মাকসুদা আক্তার। প্রথম আলোকে তিনি বলেন, উচ্চ আদালতের রায়ের আলোকে আইন সংশোধন করা না হলে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে।