সালেহ, এবার তোমার পালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার লৌহমানব মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর গতকাল শুক্রবার ইয়েমেনের রাজধানী সানার রাস্তায় কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হন। তাঁরা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘সালেহ, এবার তোমার ও বাশারের পালা।’ বাশার আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট। সানার সিটিনে এভিনিউয়ে বিক্ষোভকারীরা বলেন, ‘প্রত্যেক স্বৈরশাসকের পতন আছে।’ বিক্ষোভকারীদের এক মুখপাত্র ওয়ালিদ আল-আমারি বলেন, ‘গাদ্দাফির মৃত্যুতে বিশ্বে বিপ্লব ফুঁসে উঠেছে। বিশেষ করে ইয়েমেনে।’বিগত নয় মাস ধরে ইয়েমেনের বিক্ষোভকারীরা আলী আবদুল্লাহ সালেহর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকালও তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন।