মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষী
সালেহউদ্দিনকে নির্যাতন করেন সাকা চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষী। তাঁরা বলেছেন, গুডস হিলে সালেহউদ্দিন নামের একজনকে নির্যাতনকারীদের মধ্যে সাকা চৌধুরী ছিলেন।গতকাল জবানবন্দি দেওয়া দুজন হলেন রাষ্ট্রপক্ষের ২৫তম সাক্ষী আবু তাহের চৌধুরী ও ২৬তম সাক্ষী মো. সোলায়মান। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।প্রথমে জবানবন্দি দেন আবু তাহের চৌধুরী (৭৪)। তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা গ্রামের রাজাখান চৌধুরীবাড়ি। তিনি মুক্তিযোদ্ধা। একাত্তরের মে মাসের শেষ দিকে তিনি ১৩ নম্বর গ্রুপ নিয়ে নিজ এলাকায় কাজ শুরু করেন। জুলাই মাসের শেষ দিকে জানতে পারেন, তাঁদের বাড়ির আবদুল মোতালেব চৌধুরীর ছেলের গৃহশিক্ষক সালেহউদ্দিনকে পাশের গ্রামের শামসু চেয়ারম্যান ও পাকিস্তানি সেনাসহ কয়েকজন ভোরবেলায় গাড়িতে করে নিয়ে গেছে। তিনি খোঁজ নিয়ে জানেন, সালেহউদ্দিনকে চট্টগ্রাম শহরে ফজলুল কাদের চৌধুরীর (সাকা চৌধুরীর বাবা) বাড়ি গুডস হিলে নেওয়া হয়েছে। সালেহউদ্দিনকে উদ্ধারের চিন্তা করলেও তাঁদের পক্ষে তা সম্ভব ছিল না।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তিনি গ্রামে মুসলিম লীগের নেতা বাদশা মিয়া সওদাগর ও নুরুল হুদা কাদেরীকে অনুরোধ করেন সালেহউদ্দিনকে উদ্ধারের জন্য। সালেহউদ্দিন যে বাড়িতে লজিং থাকতেন, সেই বাড়ির ছেলে হারুনকে নিয়ে পরদিন বাদশা মিয়া ও নুরুল হুদা সকাল ১০টা-১১টার দিকে গুডস হিলে যান। সন্ধ্যায় তাঁরা সালেহউদ্দিনকে নিয়ে ফিরে আসেন। ফেরার পর সালেহউদ্দিন জানান, ফজলুল কাদের চৌধুরী তাঁর নাম ও মুক্তিযোদ্ধাদের খবর জানতে চান। মুক্তিযোদ্ধাদের খবর দিতে না পারায় সাকা চৌধুরী ও তাঁর লোকজন তাঁকে মারধর করেন। সালেহউদ্দিন শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখান।এরপর জবানবন্দিতে মো. সোলায়মান (৫৪) বলেন, তাঁর বাড়িও মোহরা গ্রামে। একাত্তরে তিনি মোহরা এ এল খান উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তেন। তাঁদের বাড়ির মোতালেব চৌধুরীর ঘরে সালেহউদ্দিন লজিং থাকতেন। জুলাই মাসের শেষ দিকে তিনি জানতে পারেন, সালেহউদ্দিনকে পাশের গ্রামের শামসু চেয়ারম্যান, কয়েকজন রাজাকার এবং পাকিস্তানি সেনারা শহরের গুডস হিলে নিয়ে গেছে। সালেহউদ্দিনের ছাত্র হারুন এ খবর পেয়ে বাদশা মিয়া সওদাগর ও সামশুল হুদা মাইজ্জা মিয়াকে নিয়ে গুডস হিলে যান। এক দিন পর সন্ধ্যার দিকে তাঁরা সালেহউদ্দিনকে বাড়িতে ফিরিয়ে আনেন। তাঁরা সালেহউদ্দিনকে দেখতে যান। উপস্থিত সবার সামনে সালেহউদ্দিন জানান, গুডস হিলে নিয়ে ফজলুল কাদের চৌধুরীর নির্দেশে সাকা চৌধুরী ও অন্যরা তাঁকে নির্যাতন করেছেন।এই মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহউদ্দিন তাঁর জবানবন্দিতে গুডস হিলে নির্যাতিত হওয়ার বর্ণনা দিয়েছিলেন। গত বছরের ২৩ জুলাই তিনি জবানবন্দিতে জানান, তিনি একাত্তরে মোহরা গ্রামের মোতালেব চৌধুরীর বাড়িতে লজিং থাকতেন।জবানবন্দি শেষে আবু তাহের ও সোলায়মানকে একটি করে প্রশ্ন করেন সাকা চৌধুরীর প্রধান আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত মুলতবি করা হয়।