সালেহর বিচারের দাবিতে নিউইয়র্কে কারমানের বিক্ষোভ
চলতি বছর শান্তিতে নোবেল জয়ী ইয়েমেনের গণতন্ত্রপন্থী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান নিউইয়র্ক সফর করছেন। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে দায়মুক্তি না দিয়ে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, নিউইয়র্ক সফরের সময় সালেহ সম্পদ জব্দ করার দাবি জানিয়ে তাওয়াক্কুল কারমান জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব বান কি মুনের কাছে একটি চিঠি দেবেন।নিরাপত্তা পরিষদের সদস্যরা উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় সালেহকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব পাসের কথা বিবেচনা করছে। এ প্রস্তাবে বলা হচ্ছে, সালেহ যদি ক্ষমতা ত্যাগ করেন, তবে তাঁকে দায়মুক্তি দেওয়া হবে।তবে সালেহকে দায়মুক্তি দেওয়ার বিরোধিতা করেছেন কারমান। বিক্ষোভকারীদের হত্যার জন্য তিনি সালেহ ও তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ‘অপরাধীদের সব ধরনের দায়মুক্তি আমরা প্রত্যাখ্যান করি।’এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গতকাল বুধবার জানিয়েছেন, তিনি ক্ষমতা হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত আছেন। তবে এর আগে উপসাগরীয় রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনি নিশ্চয়তা দাবি করেছেন।