সালেহর যুক্তরাষ্ট্র সফরের আবেদন বিবেচনা করছে ওয়াশিংটন
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর যুক্তরাষ্ট্র সফরের আবেদন বিবেচনা করছে মার্কিন সরকার। ওবামা প্রশাসনের এক কর্মকর্তা গতকাল সোমবার এ তথ্য জানান।ওই কর্মকর্তা জানান, দ্রুত ইয়েমেন ত্যাগ এবং যুক্তরাষ্ট্রে চিকিত্সার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে প্রেসিডেন্ট সালেহর দপ্তর সম্প্রতি সানায় অবস্থিত মার্কিন দূতাবাসে যোগাযোগ করেছেন। সালেহর আবেদনের প্রসঙ্গে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর যুক্তরাষ্ট্র সফরের অনুরোধ বিবেচনা করা হচ্ছে এবং কেবল চিকিত্সাগত যুক্তিসংগত কারণ থাকলেই তাঁকে যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন দেওয়া হতে পারে।’গত জুনে ইয়েমেন চলমান সরকারবিরোধী আন্দোলনের সময় প্রেসিডেন্ট ভবনের ভেতরে আলী আবদুল্লাহ সালেহর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি ও তাঁর বেশ কয়েকজন সহযোগী গুরুতর আহত হন। পরে চিকিত্সার জন্য তিনি সৌদি আরব যান। চিকিত্সা শেষে তিনি আবার দেশে ফেরেন।সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় প্রেসিডেন্ট সালেহ ক্ষমতা হস্তান্তর চুক্তি করেছেন। গত শনিবার সালেহ জানান, তিনি তাঁর উত্তরসূরিদের পথ উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্র যেতে চান। তবে তিনি ইয়েমেন ত্যাগ করার সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি।