সাশ্রয়ী মূল্যে এক দিনেই মিলবে ডিএনএ পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় ক্ষেপণ বা অধিক খরচের ভীতি আর নয়; এখন মাত্র এক হাজার ডলারের বিনিময়ে এক দিনেই মিলবে ডিএনএ পরীক্ষার ফলাফল। লাইফ টেকনোলজি করপোরেশন নামের একটি জৈবপ্রযুক্তি নির্মাণপ্রতিষ্ঠান আজ বুধবার এ প্রযুক্তি আবিষ্কারের তথ্য জানিয়েছে বলে জানায় আল জাজিরা টেলিভিশনের অনলাইন।প্রতিষ্ঠানটি পক্ষ থেকে বলা হয়েছে, তারা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে, যা মাত্র এক হাজার ডলারের বিনিময়ে এক দিনের মধ্যেই ব্যক্তির ডিএনএর তথ্য উদ্ঘাটন করতে সক্ষম। লাইফ টেকনোলজি করপোরেশনের এ ঘোষণাকে চিকিত্সাবিজ্ঞানের অগ্রযাত্রায় একটি বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।লাইফ টেকনোলজি করপোরেশন জানিয়েছে, তারা ডিএনএর তথ্য উদ্ঘাটনে নতুন এ প্রযুক্তির যন্ত্র তৈরির কাজ শুরু করেছে। এক বছরের মধ্যে এটি বাজারে আসবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।লাইফ টেকনোলজি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান জনাথন রথবার্গ জানান, এ যন্ত্র বাজারে আনার জন্য ইতিমধ্যে তাঁরা বড় তিনটি গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। নতুন এ যন্ত্র ডিএনএর ৩০০ কোটি রাসায়নিক ব্লকের পরম্পরা চিহ্নিত করতে পারবে। এ পরম্পরা নিয়েই ব্যক্তির ডিএনএ গঠিত। লাইফ টেকনোলজির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিদ্যমান প্রযুক্তির চেয়ে নতুন এ প্রযুক্তি এক হাজার গুণ বেশি শক্তিশালী। একটি অফিস প্রিন্টার রাখার মতো জায়গাতেই যন্ত্রটি রাখা যাবে। এ প্রযুক্তির যন্ত্রে ছয় বা আট সপ্তাহের পরিবর্তে মাত্র এক দিনেই ব্যক্তির ডিএনএ নির্ধারণ করা সম্ভব হবে।