সাহস থাকলে নির্বাচনে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন না করে আগামী ১৫ জুন অনুষ্ঠেয় চার সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।২০০২ সালের ৩ মে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় নিহত লোকজনের উদ্দেশে এই স্মরণসভার আয়োজন করে শোকাহত দশমিনা-গলাচিপাবাসী। এতে সভাপতিত্ব্ব করেন স্মরণসভা উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আলম টিপু।মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী ১৫ জুন এই সরকারের অধীনে চার সিটি করপোরেশনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন করবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘সাহস থাকলে সিটি করপোরেশন নির্বাচনে আসুন। জনগণ কাদের পক্ষে রায় দেয়, তা দেখুন। ১৫ জুন অবশ্যই নির্বাচন হবে। সারা দুনিয়ার পর্যবেক্ষক ও মিডিয়া আসুক, তারা দেখুক। যদি দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মিডিয়া বলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করুন। অন্যথায় এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন মেনে নিন।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে জনগণ যে রায় দেয় তা আমরা মেনে নেব।’হেফাজতে ইসলামের আমিরকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা চাইলেও নির্বাচনে অংশ নিতে পারেন। তাহলে বুঝতে পারবেন জনগণ ১৩ দফার পক্ষে, নাকি বর্তমান সরকারের পক্ষে।’২০০২ সালের ৩ মে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার বিষয়ে নাসিম বলেন, ‘ওই দিন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। কিন্তু সরকার সময়মতো সাহায্যে এগিয়ে আসেনি। অন্যদিকে, সাভারের ভবনধসের ঘটনায় বর্তমান সরকার সময়মতো সব ধরনের পদক্ষেপ নিয়েছে।’ তাই অযথা সমালোচনা না করার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। ওই দুর্ঘটনার পুনঃ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।স্মরণসভায় আরও বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, খোন্দকার শামসুল হক রেজা প্রমুখ।