সাহায্য অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলে দুর্যোগপ্রবণ এলাকায় উঁচু বেড়িবাঁধ নির্মাণ করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগে মানুষ বিপদে না পড়ে। এসব এলাকার পরিবেশ উপযোগী করে পাকা ঘর নির্মাণ করা হবে, যাতে মানুষ নিরাপদে ও শান্তিতে বাস করতে পারে। সাতক্ষীরা ও খুলনার আইলা-দুর্গত এলাকার মানুষ যত দিন স্বাভাবিক জীবনে ফিরে যেতে না পারবে, তত দিন পর্যন্ত সরকারের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে।ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে গৃহনির্মাণ মঞ্জুরির টাকা প্রদান উপলক্ষে গতকাল শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর হরিচরণ পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।সাতক্ষীরা জেলা প্রশাসন এবং খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। বক্তৃতা করেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজা, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম সফিউল আযম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান।প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। দ্রুত তাদের বিচার শুরু করা হবে। যারা অপরাধী, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। কোনো অবস্থায় তারা ক্ষমা পাবে না।শেখ হাসিনা বলেন, চিংড়ির চাষ করে টাকা কামাবেন আর যত্রতত্র বেড়িবাঁধ কেটে লোনাপানি তুলবেন, তা হবে না। চিংড়ির চাষ করতে হলে নির্ধারিত স্থান দিয়ে পরিকল্পিত উপায়ে পানি আনা-নেওয়া করতে হবে। বাঁধ রক্ষণাবেক্ষণ করতে হবে ঘেরমালিকদের।চারদলীয় জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের আমলে চালের কেজি ছিল ৪৫ টাকা। বর্তমানে সেই চাল বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজিতে। সার ও বীজ কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। কৃষকেরা যাতে সরাসরি ভর্তুকির টাকা পান, সে জন্য ইতিমধ্যে তাঁদের নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় ক্ষতিগ্রস্ত দুই হাজার ৬৮টি আশ্রয়কেন্দ্র মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে আরও ১০০ আশ্রয়কেন্দ্র তৈরি করা হবে। ১৩ মাস ধরে আইলা-দুর্গত এলাকার মানুষের পাশে থেকে তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে।প্রধানমন্ত্রী সাতক্ষীরার উন্নয়নের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বলেন, সুন্দরবন-নাভারন রেললাইন, সুন্দরবন পর্যটনকেন্দ্র, জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ নদসহ সব নদ-নদী খনন, ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তর, মেডিকেল ও টেকনিক্যাল কলেজ, শ্যামনগর সদরকে পৌরসভা ঘোষণা, শ্যামনগর মহসিন কলেজকে সরকারীকরণ এবং আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। তিনি বলেন, শ্যামনগরে মুক্তিযুদ্ধের সব স্মৃতি সংরক্ষণ করা হবে।প্রধানমন্ত্রী বক্তব্য শেষে গৃহনির্মাণ মঞ্জুরি প্রকল্পের আওতায় শ্যামনগর, আশাশুনি ও কয়রার ৪৮ হাজার পরিবারের প্রতিটিকে ২০ হাজার টাকার চেক হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি আইলায় ক্ষতিগ্রস্ত ১০ জনকে মঞ্জুরির চেক প্রদান করেন। সেখান থেকে প্রধানমন্ত্রী শ্যামনগর মহসিন কলেজে কিছু সময় অবস্থান করে হেলিকপ্টারযোগে খুলনার কয়রা উপজেলার উদ্দেশে রওনা হন।বিকেলে কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ মাঠে গৃহনির্মাণ অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কয়রা ও দাকোপের আইলা-দুর্গত মানুষের খাদ্যসহায়তা অব্যাহত থাকবে। এই এলাকায় যাতে লবণ-সহনশীল ধান উৎপাদন করা যায়, সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, কাবিখা, কাবিটা, ভিজিএফ ও ভিজিডি দিয়ে দরিদ্রদের সহায়তা করা হচ্ছে। কর্মসংস্থান ব্যাংক থেকে জামানত ছাড়াই বেকার যুবকদের ৫০ হাজার টাকা করে ঋণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার মাধ্যমিক পর্যায়ে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রম চালু করেছে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। মৎস্যজীবীদের জন্য কার্ড চালু করা হচ্ছে।খুলনার কলকারখানা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত জোট সরকার খুলনার অসংখ্য মিল-কারখানা বন্ধ করে দেয়। সাত বছর পর ক্ষমতায় এসে আমরা খুলনার বন্ধ কলকারখানা চালু করার পদক্ষেপ নিয়েছি।’ স্থানীয় জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পাইকগাছা ও কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত, দুটি উপজেলায় স্টেডিয়াম ও পাবলিক লাইব্রেরি নির্মাণ, একটি মহিলা কলেজসহ দুটি কলেজকে সরকারীকরণ, পর্যটনকেন্দ্র স্থাপন, পাইকগাছায় কৃষি কলেজ স্থাপন, স্কুল-কলেজ কাম সাইক্লোন শেল্টার নির্মাণের ঘোষণা দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কয়রার ১০ জন ও দাকোপের ১০ জনের মধ্যে গৃহনির্মাণের চেক, শাড়ি-লুঙ্গি ও সৌর প্যানেল প্রদান করেন।কয়রা উপজেলার ২৭ হাজার ৪০০ পরিবারকে ৫৪ কোটি ৮০ হাজার টাকা এবং দাকোপ উপজেলার ১০ হাজার ৬০০ পরিবারকে ২১ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে দেওয়া হবে ২০ হাজার টাকা।